Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার হঠাৎ মারাত্মক পেটে ব্যথার কারণে তরুণ ভারতীয় ব্যাটার যশস্বী জয়সওয়ালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়সওয়াল পুনেতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে রাজস্থানের বিপক্ষে খেলছিলেন। হাই-স্কোরিং এই ম্যাচে মুম্বই রোমাঞ্চকর তিন উইকেটে জয় পেলেও, একটি প্রতিবেদন অনুসারে, জয়সওয়ালকে তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিসের কারণে আদিত্য বিড়লা হাসপাতালে ভর্তি করতে হয়। ২৩ বছর বয়সী এই ব্যাটার ১৬ বলে ১৫ রান করেন, যখন মুম্বই ২১৭ রানের লক্ষ্য তাড়া করছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, জয়সওয়াল পুরো ম্যাচ জুড়েই পেটে ব্যথায় ভুগছিলেন এবং ম্যাচের পর তাঁর অবস্থা আরও খারাপ হয়। হাসপাতালে তাঁর আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করা হয় এবং তিনি সঠিক চিকিৎসার পর অনেকটাই স্থিতিশীল রয়েছেন। ডাক্তাররা তাঁকে অসুধ চালিয়ে যেতে এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনই তাঁকে খেলতে দেখা যাবে না।

ম্যাচের কথা বলতে গেলে, অজিঙ্ক রাহানের অপরাজিত ৭২ এবং সরফরাজ খানের ২২ বলে বিধ্বংসী ৭৩ রানের ইনিংসে ভর করে সৈয়দ মুস্তাক আলি ট্রফির সুপার লিগ গ্রুপ বি-এর ম্যাচে রাজস্থানের বিপক্ষে তিন উইকেটের জয় পেয়েছে মুম্বই।

রাহানে ৪১ বলে ৭২ রান (৭টি চার, ৩টি ছক্কা) করেন, কিন্তু ২০০-এর বেশি রানের লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে সরফরাজই ছিলেন সবচেয়ে আক্রমণাত্মক, যিনি মাত্র ২২ বলে ৭৩ রান করার পথে সাতটি ছক্কা ও ছয়টি চার মারেন।

২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই কখনওই রানের গতি কমায়নি এবং একের পর এক উইকেট হারালেও তারা আরেকটি দাপুটে জয়ের পথেই ছিল। রাহানের দৃঢ় ব্যাটিংয়ের সুবাদে তারা ১১ বল বাকি থাকতেই লক্ষ্য পূরণ করে।

রাহানের সঙ্গে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ার পর জয়সওয়াল (১৫) আউট হয়ে গেলেও মুম্বই লক্ষ্য তাড়া করতে পিছপা হয়নি। এরপর রাহানে সরফরাজের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে মাত্র ৩৯ বলে আরও ১১১ রান যোগ করেন।

মাঠের চারদিকে শক্তিশালী শট খেলা সরফরাজ মানভ সুথারের (৪-০-২৩-৩) বলে আউট হন। এরপর মুম্বই একের পর এক উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। আঙ্গকৃশ রঘুবংশী (০) এবং অলরাউন্ডার সাইরাজ পাটিল (৪), সূর্যংশ শেড়গে (১০) ও অধিনায়ক শার্দুল ঠাকুর (২) রাহানেকে প্রয়োজনীয় সমর্থন দিতে ব্যর্থ হলেও, তিনি সেই সমর্থন খুঁজে পান অথর্ব আঙ্কোলেকরের মধ্যে।

আট নম্বরে ব্যাট করতে নেমে আঙ্কোলেকর তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে মাত্র ৯ বলে ২৬ রান করেন, যা মুম্বইকে আবারও সুবিধাজনক অবস্থানে নিয়ে আসে। এরপর শামস মুলানিকে (৪ অপরাজিত) সঙ্গে নিয়ে রাহানে বর্তমান চ্যাম্পিয়নদের জয় তুলে নিতে সাহায্য করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *