অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের জন্য বড় ধাক্কা হলেও তিন চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দলে ছিলেন না। তাঁকে নন-ট্র্যাভেলিং পরিবর্ত হিসেবে রাখা হয়েছিল। যদি টুর্নামেন্ট চলাকালীন কেউ চোট পেয়ে ছিটকে যান তাহলে তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেটা পরের বিষয় হলেও যশস্বী জয়সওয়ালের চোটে এই মুহূর্তে সব থেকে বড় ধাক্কা খেল মুম্বই রঞ্জি ট্রফি দল। সোমবার থেকে নাগপুরে খেলবে মুম্বই। কিন্তু তার আগেই অনুশীলনে গোড়ালিতে সমস্যা অনুভব করেন তিনি।
মুম্বই দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যশস্বীকে নিয়ে তারা কোনও ঝুঁকি নেবে না। যদিও তাদের দলে যথেষ্ট তারকা রয়েছে ম্যাচ জেতানোর জন্য। রবিবার নাগপুরে অনুশীলন করার সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন যশস্বী। তখনই দলের ফিজিওরা তাঁকে দেখে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন। আপাতত তাঁকে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে রিহ্যাবের জন্য পাঠানো হবে। এখানেই রিহ্যাবে রয়েছেন যশপ্রীত বুমরাহ। যাঁর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল থেকে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা তো বটেই।
যশস্বীর সুস্থ হতে কত সময় লাগবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে তাঁকে নিয়ে যে কোনও ঝুঁকি নেওয়া হবে না সেটা নিশ্চিত করে দেওয়া হয়েছে। ভারতীয় টেস্ট দলে এই প্রজন্মের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ভারতীয় ক্রিকেট কেটের ভবিষ্যতও। তাই তাঁর চোট নিয়ে রাজ্য দলের পাশাপাশি বিসিসিআইও চিন্তিত।
ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যেই দুবাই পৌঁছে গিয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছিল যশস্বীকে। পরে ফাইনাল দল বেছে নেওয়ার সময় বাদ দেওয়া হয় তাঁকে। তবে রাখা হয় রিজার্ভে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলেই রয়েছে আইপিএলও। তাঁর আগে তিনি সুস্থ হয়ে খেলার জন্য নিজেকে তৈরি করতে পারবেন কিনা সেটাই এখন দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
