অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার বিশাখপত্তনমে ভারত ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জয়সওয়াল । তাঁর দুরন্ত ব্যাটিং পারফর্মেন্স নজর কেড়ে নিয়েছে সবার। জয়সওয়ালকে ইংলিশ বোলাররা কোনওভাবেই বিপদে ফেলতে পারেননি। তিনি ১৫১ বলে ১১টি বাউন্ডারি এবং তিনটি ছক্কার সাহায্যে মাইলফলকে পৌঁছে যান। টম হার্টলিকে লং-অনে বিশাল ছক্কা হাঁকিয়ে দারুণ স্টাইলে বাঁ-হাতি এই ব্যাটসম্যান তাঁর সেঞ্চুরিটি সেরে ফেলেন। তবে সেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশন মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জয়সওয়াল তার হেলমেট খুলে ফেললেন, তার হাত তুলে ধরেন এবং আকাশের দিকে ইশারা করেন। সেই মুহূর্তে ভারতীয় ড্রেসিংরুমের পাশাপাশি পুরো গ্যালারি তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য তাঁকে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছিল।
ভারত অধিনায়ক রোহিত শর্মা শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। যদিও এদিন ব্যর্থ রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার। টি ব্রেকে ভারত তিন উইকেট হারিয়ে ২২৫ রান তুলেছে।
আয়োজক দল হিসেবে শুরুটা ভাল না হলেও ঘুরে দাঁড়াতে দ্বিতীয় টেস্টের প্রথম থেকেই লড়াইয়ে পুরো দল। পাঁচ ম্যাচের সিরিজে ১-০-তে পিছিয়ে পড়া ভারত এই দলে তিনটি পরিবর্তন করতে বাধ্য হয়েছে। যার মধ্যে দু’টি কেএল রাহুল এবং রবীন্দ্র জাজেজার কারণে কারণে, আর একটি মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ার জন্য।
কেএল রাহুলের জায়গায় ব্যাটসম্যান রজত পাতিদারের ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়ে গেল এই ম্যাচেই। প্রাক্তন ক্রিকেটার জহির খান তাঁর হাতে ক্যাপ তুলে দেন।
প্রথম দুই টেস্টের জন্য বিরাট কোহলিও নেই দলের সঙ্গে। ইতিমধ্যেই তাঁর তৃতীয় টেস্টে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তাঁর অনুপস্থিতির জন্যই পাতিদারকে দলে ডাকা হয়েছিল। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে গেলেন তিনি। এছাড়া জাডেজা এবং সিরাজের জায়গায় বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং ফাস্ট বোলার মুকেশ কুমার দলে এসেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
