Cart Total Items (0)

Cart

All Sports
যশস্বী জয়সওয়াল

অলস্পোর্ট ডেস্ক: প্রত্যেক ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে ঘুরছে যশস্বী জয়সওয়াল-এর নাম। এই ওপেনিং ব্যাটার, তাঁর আন্তর্জাতিক অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের খেলে ফেলেছেন এক দুর্ধর্ষ ইনিংস। ওপেন করতে নেমে দ্বিতীয় দিন সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। আর তৃতীয় দিন ১৫০-র গণ্ডি পেড়িয়ে গেলেন। তৃতীয় দিন ১৪৩ রানে ইনিংস শুরু করে জয়সওয়ালের ইতিহাস গড়তে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তিনি ১৫০ রানের সীমা অতিক্রম করতে একটু বেশিই সময় নেন। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছন এবং বিদেশের মাটিতে অভিষেকেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ১৫০ রান করে ফেলেন তিনি।

টেস্ট অভিষেকে ১৫০ রানের রেকর্ড ছিল শিখর ধাওয়ানের। তবে তিনি ১৮৭ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে (মার্চ ২০১৩)। রোহিত শর্মা তাঁর অভিষেক টেস্ট ইনিংসে ১৭৭ রান করেছিলেন কিন্তু সেটা ঘরের মাঠে ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যা অভিষেকে তৃতীয় সর্বোচ্চ রান।

যশস্বী জয়সওয়ালকে খুব কাছ থেকে দেখেছেন জোয়ালা সিং। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে যশস্বী জাতীয় দলের জার্সিতে ভাল শুরু করবেন এবং প্রাক্তন কোচ খুশি যে তাঁর সেই ভাবনা সঠিক প্রমাণিত হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি প্রথম টেস্টের দ্বিতীয় দিন তিন অঙ্কে পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার ২১ বছর বয়সী ১৭তম ভারতীয় খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করেন।

জয়সওয়াল দ্বিতীয় দিনে ৩৫০ বলে অপরাজিত ১৪৩ রানে পৌঁছেছিলেন, ডোমিনিকাতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৫০ রানে অলআউট হওয়ার পরে ভারত প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়ে নেয়।

যশস্বীর কোচ বলেন, “ওকে বড় হতে দেখে আমি খুশি। আমার মনে হত ও খুব ভাল শুরু করবে। ও আইপিএলে এবং ঘরোয়া ক্রিকেটেও চারটি ভাল মরসুম কাটিয়েছে। সে বিশ্বমানের বোলারদের অনেক চাপের মধ্যে খেলেছে, বিশেষ করে আইপিএলে। উচ্চ মানের বোলারদের সঙ্গে খেলার বিষয়ে ওর ধারণা রয়েছে। একজন খেলোয়াড় হিসাবে, রান করার অভ্যাস থাকা গুরুত্বপূর্ণ। একজন কোচ হিসাবে আমি সবসময় আমার খেলোয়াড়দের বল দেখতে শেখাই, বোলার নয়।’’

“আপনি যে ম্যাচই খেলুন না কেন, টি২০ বা ওয়ানডে বা টেস্ট যাই হোক না কেন সবসময় ন’জন ফিল্ডার থাকবে। একজন ব্যাটসম্যান হিসাবে আপনাকে সেদিকে খেলায় রাখতে হবে এবং প্রতিটি বলকে বুঝে ব্যাট করতে হবে এবং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। আমি খুশি যে যশস্বী বিদেশের মাটিতে এটি করতে সক্ষম এবং আমাকে সঠিক প্রমাণ করছে,” বলেন তিনি।

জয়সওয়াল আজাদ ময়দানে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার জন্য ১০ বছর বয়সে মুম্বইয়ের দাদারে চলে এসেছিলেন। বৃহস্পতিবার, মুম্বই থেকে চতুর্থ ব্যাটার হিসেবে জয়সওয়াল ভারতের হয়ে অভিষেক টেস্ট সেঞ্চুরি করে ফেললেন। তাঁর আগে রয়েছেন শ্রেয়াস আইয়ার (বনাম নিউজিল্যান্ড, ২০২১), পৃথ্বী শ (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৮) এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা (বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১৩)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *