অলস্পোর্ট ডেস্ক: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রোহিত শর্মা। বলেছেন, টি২০ ফরম্যাটে কে যে কখন কাকে হারাবে, আগাম বলা মুশকিল। ফেবারিট বলে কিছু হয় না। রোহিতের কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ মিলল আইসিসি টি২০ বিশ্বকাপের অস্ট্রেলিয়া ও জিম্বোবোয়ের মধ্যে ম্যাচে। শুক্রবার কলম্বোর মাঠে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে গ্রুপ বি-র খেলা জমিয়ে দিল জিম্বাবোয়ে। পরপর ২ ম্যাচ জিতে তারা এখন ভাল জায়গায়। এক ম্যাচ জিতলে সুপার আটে যাওয়ার রাস্তা মসৃণ হবে। সেখানে বাকি ম্যাচ না জিতলে সুপার আটে ওঠা কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার। ২০০৭য়ে প্রথম টি২০ বিশ্বকাপে প্রথম সাক্ষাতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বোবোয়ে। তারপর এই দ্বিতীয় সাক্ষাতেও স্মরণীয় জয় ছিনিয়ে নিল।
অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং নিয়েছিল। জিম্বাবোয়ে ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তোলে। মনে হয়েছিল অস্ট্রেলিয়া অনায়াসে এই রান তাড়া করে জিতে যাবে। কিন্তু বিধি বাম। ১৯.৩ ওভারে মাত্র ১৪৬ রানে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায়। অস্ট্রেলিয়ার ইনিংসে ভাঙন ধরানোর দুই মূল কারীগর ব্লেসিং মুজারাবানি(৪-১৭) ও ব্র্যাড ইভান্স(৩-২৩)।
অস্ট্রেলিয়ার পক্ষে প্রথমবার টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া ম্যাট রেনশ ৪৪ বলে ৬৫ ও গ্লেন ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রান না করলে অস্ট্রেলিয়ার স্কোর আরও খারাপ দেখাত। পাওয়ার প্লেতে ব্লেসিং ও ব্র্যাড মিলে ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবোয়ের জয়ের ভিতটা গড়ে দেন। অস্ট্রেলিয়া ২৯ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে আর জেতার রাস্তা খুঁজে পায়নি।
তার আগে জিম্বোবোয়েকে লড়াকু রান তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ওপেনিং ব্যাটার ব্রায়ান বেনেট। ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া তাডিওয়ানাশে মারুমানি (৩৫), রায়েন বুরির(৩৫) পাশাপাশি অধিনায়ক সিকান্দার রাজার ১৩ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস জিম্বোবোয়েকে লড়াইয়ে রেখে দিয়েছিল। বাকি কাজটা সারেন বোলাররা।
চোটের জন্য মিচেল মার্শ এখনও দলের বাইরে। তাই তাঁর জায়গায় অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রাভিস হেড। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানে জয় পাওয়া প্রথম ম্যাচের আগেই নেটে চোট পেয়ে বসে আছেন মার্শ। তিনি ফিট না হলে অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে। এখন গ্রুপ বি-র যা অবস্থা তাতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের মধ্যে সুপার আটে ওঠার লড়াইটা আরও তীব্র হল। সবথেকে ভাল জায়গায় আছে জিম্বোবোয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচ জিতলেই সুপার আটে যাবে। সেখানে পরের ম্যাচে শ্রীলঙ্কাকেও হারালেও সুপার আট নিশ্চিত হবে না অস্ট্রেলিয়ার নেট রান রেটের অঙ্কে আটকে গেলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
