Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ চলতি মরশুমে ফুটবল খেলতে ইউরোপ ছেড়ে এশিয়ায় পা রেখেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা। সৌদি আরবের ক্লাব আল ইতিহাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যাদের ঘরের মাঠ জেদ্দার স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে আসন্ন ক্লাব বিশ্বকাপ এর ম্যাচগুলো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তরফে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।

প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতেই ফিফার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে চলেছে সৌদি আরব। এবার আরবের কোন মাঠে খেলা হবে, চূড়ান্ত করা হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর যে অনুষ্ঠিত হবে জেদ্দায় তা জানিয়ে দিল ফিফা। গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফরে এসেছিল।তার পরেই তারা ভেন্যু হিসেবে এই শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দিল। প্রসঙ্গত ক্লাব বিশ্বকাপের এটি ২০তম আসর হতে চলেছে।

৬টি মহাদেশের ৭টি ক্লাবকে নিয়ে আয়োজন করা হবে এই আসরটি। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে এই আসর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটি জেদ্দার দুটি মাঠে খেলা হবে। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফর্ম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা হবে চার বছর অন্তর অন্তর। অনেকটা ফুটবল বিশ্বকাপের ধাঁচে। নয়া ফর্ম্যাটে ২০২৫ সালে প্রথম আসরটি খেলা হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১-২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে ইতিমধ্যেই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির এই আসরে খেলা নিশ্চিত হয়ে গেছে ইতিমধ্যেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *