Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ গোদের ওপর বিষফোড়া। নিউ জার্সির মাঠে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছে। এবার ফিফার কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন আর্জেন্টিনা দলের কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ ফাইনাল শেষে স্পেন ফুটবলারদের ওপর চড়াও হওয়ার জন্য। স্পেন ফুটবলারদের আক্রমণ করার সেই ছবি গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে। স্বাভাবিকভাবে তা ফিফা শৃঙ্খলারক্ষাকারী কমিটির নজর এড়ায়নি। তারা ইতিমধ্যেই এনিয়ে তদন্ত শুরু করেছে। খুব শিগ্গিরি সেই তদন্তের ভিত্তিতে দোষী ফুটবলার ও কোচিং স্টাফের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ফিফা।

খেলায় হার জিত আছে। কিন্তু স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার যেভাবে প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে মারমুখী আচরণ করেছেন, তা অত্যন্ত লজ্জার। ম্যাচের শেষ বাঁশি বাজার পরই দেখা গেছে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারাদেস ও থিয়াগো আলমাদা কুস্তুই লড়াপ ভঙ্গিতে স্পেনের ফুটবলার গাভিকে মাটিতে ফেলে দিয়ে মারতে। এটা দেখে দু’‌দলের ফুটবলাররা উত্তেজিত হয়ে ছুটে এলে পারদেস ঘাড় ধরে ঝাঁকাতে শুরু করেন স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে। ভিড়ে মাঝে আর্জেন্টিনার মোলিনা বিজয়োৎসবে মেতে ওঠা স্পেনের রড্রিকে ঘুঁষি মারেন। আর্জেন্টিনার বর্ষীয়ান ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিও উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন স্পেনের রড্রির সঙ্গে। এখানেই শেষ নয়, আর্জেন্টিনির সহকারি কোচ রবার্তো আয়ালা আক্রমণ করেন স্পেনের মিডফিল্ডার ড্যানি ওলমোকে।

এতে একটা রণক্ষেত্রের চেহারা নেয় মাঠের পরিবেশ। সেই ঝামেলায় প্রায় জড়িয়ে যেতে বসেছিলেন স্পেনের ইয়ামাল। তাঁকে থামিয়ে দেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শান্ত করে ইয়ামালকে ঝামেলা থেকে দূরে সরান তিনি। এতে কাজ হয়। ইয়ামাল ধীর পায়ে এগিয়ে যান মাটিতে হতাশভাবে বসে থাকা লিওনেল মেসির দিকে। ইয়ামালকে কাছে আসতে দেখে মেসি উঠে দাঁড়ান। ইয়ামাল বুকে জড়িয়ে ধরেন মেসিকে। তাতে ধরা পড়ে সান্ত্বনার থেকেও মিসির প্রতি ইয়ামালের পরম শ্রদ্ধা। এটাই তো খেলা শেষের আসল ছবি হওয়া উচিত ছিল আর্জেন্টিনার ফুটবলারদের তরফে, স্পেন ফুটবলারদের ওপর চড়াও হওয়া না।

যাঁরা ম্যাচে শেষে ঝামেলায় জড়িয়েছেন, অর্থাৎ যাঁরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছেন ম্যাচ শেষে, ফিফা শৃঙ্খলারক্ষার আর্টিকেল ১৪র ধারায় তাঁদের প্রত্যেকের শাস্তি হবে। কম করে তিন ম্যাচ নির্বাসন ও জরিমানা। অপরাধের গুরুত্ব অনুযায়ী সেই শাস্তি বাড়বে। আর্জেন্টিনা দলের হয়ে পরের ম্যাচ খেলার ক্ষেত্রে সেই শাস্তি বলবত থাকবে। আর শুধু ফুটবলাররাই নয়, ম্যাচের শেষে এইধরনের অখলোয়াড়োচিত ও হিংস্র আচরণের জন্য ফিফার শৃঙ্খলারক্ষাকারী কমিটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। নির্বাসন ও জরিমানা দুটোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফাইনালের অপ্রীতিকর ঘটনায় জড়ানোর আগেই আর্জেন্টিনা ফিফার বিরাগভাজন হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ শেষে ফিফার নীতি বিরোধী ব্যানার ফুটবলাররা মাঠের মাঝে তুলে ধরার জন্য। ওই ব্যানারে লেখা ছিল, ‘‌ লা মালভিনাস সনস আর্জেন্টিনাস’‌। ইংরাজিতে যার অনুবাদ করলে অর্থ দাড়ায়, ফকল্যান্ড আর্জেন্টিনার। ফকল্যান্ড যাঁরা বাস করেন তাঁরা আর্জেন্টিনাবাসী। ’‌ এই ধরনের রাজনৈতিক শ্লোগান বা ব্যানার প্রদর্শনের ঘোরতর বিরোধী ফিফা। এনিয়ে আলাদা তদন্ত চালাচ্ছে ফিফা শৃঙ্খলারক্ষাকারী কমিটি। শাস্তি পাওয়া শুধু সময়ের অপেক্ষা আর্জেন্টিনার এইধরনের ফিফার আইনবিরুদ্ধে কার্যকলাপের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *