অলস্পোর্ট ডেস্ক: ১৩৪তম ডুরান্ড কাপের সূচি নিশ্চিত হয়ে গেল সোমবার। গত বেশ কয়েকদিন ধরে এই বছরের ডুরান্ড কাপ নিয়ে নানান জল্পনা শোনা যাচ্ছিল। আইএসএল-এর সাতটি দল ইতিমধ্যেই নাম তুলে নিয়েছে। সংশয় ছিল মোহনবাগানকে নিয়ে। বাকি পাঁচ দল সবুজ সঙ্কেত দিলেও মোহনবাগান বিষয়টিকে ঝুলিয়ে রেখেছিল। এদিন ডুরান্ডের সূচি সামনে আসতেই পরিষ্কার হয়ে গেল, খেলছে মোহনবাগানও। আই লিগের ছয় দল এবার ডুরান্ড কাপে খেলছে। তার মধ্যে কলকাতার তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান। এছাড়া খেলছে জামসেদপুর, নর্থইস্ট ইউনাইটেড ও পঞ্জাব এফসি। আই লিগের ডায়মন্ড হারবার এফসি, শিলং লাজং এবং নামধারী এফসি খেলবে ডুরান্ড। ২৩ জুলাই ইস্টবেঙ্গল এফসি বনাম সাউথ ইউনাইটেড এফসির ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ। মোহনবাগান শুরু করছে মিনি ডার্বি দিয়ে। ৩১ জুলাই কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডানের মুখোমুখি হবে মোহনবাগান। তার আগেই অবশ্য ২৮ জুলাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মহমেডান এসসি।
২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি, সাউথ ইউনাইটেড এফসি, নামধারী এফসি ও ইন্ডিয়ান এয়ারফোর্স। গ্রুপ ‘বি’তে রয়েছে মোহনবাগান এসজি, মহমেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, বর্ডার সিকিউরিটি ফোর্স। এই দুই গ্রুপের ম্যাচগুলি হবে যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপ ‘সি’-তে রয়েছে জামশেদপুর এফসি, ফরেন সার্ভিসেস টিম, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ১ লাদাখ এফসি। গ্রুপ ‘ডি’-তে রয়েছে আইটিবিপি এফটি, বোরোল্যান্ড এফসি, কার্বি আংলং মর্নিং স্টার এফসি, পঞ্জাব এফসি। গ্রুপ ‘ই’-তে রয়েছে শিলং লাজং এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, রাংদাজেদ ইউনাইটেড এফসি, একটি বিদেশি সার্ভিসেস দল (ইন্দোনেশিয়ার হতে পারে)। গ্রুপ ‘এফ’-এ রয়েছে ট্রাউ এফসি, ইন্ডিয়ান নেভি এফটি, নেরোকা এফসি , রিয়েল কাশ্মীর এফসি।
নক-আউট পর্ব শুরু হবে ১৬ অগস্ট। ১৬ অগস্ট দুটো ও ১৭ অগস্ট দুটো কোয়ার্টার ফাইনাল হবে।১৯ ও ২০ অগস্ট হবে সেমিফাইনাল। ফাইনাল ম্যাচটি হবে ২৩ অগস্ট। তবে নক-আউটের ম্যাচগুলো কোন কোন ভেন্যুতে হবে তা ঘোষণা করা হয়নি। গ্রুপ লিগের ম্যাচগুলো খেলা হবে— কলকাতা (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন), ইম্ফল (খুমান লম্পক স্টেডিয়াম), রাঁচি (মোরহাবাদি স্টেডিয়াম), জামশেদপুর (জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স), শিলং (জওহরলাল নেহরু স্টেডিয়াম), কোকরাঝাড় (সাই স্টেডিয়াম)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
