অলস্পোর্ট ডেস্ক: সবুজ মেরুন জার্সি গায়ে নতুন দল মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে বৃহস্পতিবার রাজারহাট সেন্টার অফ এক্সলেন্সের মাঠে অনুশীলনে নেমে পড়লেন টেকচাম অভিষেক সিং। জাতীয় দলের ফুটবলার, মনিপুরি এই সাইডব্যাককে প্রথমদিন অনুশীলনে চাক্ষুস করতে সবুজ মেরুন সমর্থকদের ভিড়। অভিষেক নিজেও বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন মনবীর, লিস্টন, আপুইয়া, বিশাল, অনিরুদ্ধদের সঙ্গে অনুশীলনের সময়।
লেফট ও রাইট ব্যাকে খেলতে অভ্যস্ত অভিষেকের অন্তর্ভুক্তিতে হোসে মেলিনার মোহনবাগান এসজির শক্তি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। ২ দিন আগেই শহরে চলে এসেছিলেন অভিষেক। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বাগান কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুড়ান্ত চুক্তি সারেন। মাত্র ২০ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলে নজরকাড়া দক্ষতা তুলে ধরা অভিষেকের সঙ্গে ৪ বছরের চুক্তি সারল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট।
মোহনবাগান এসজিতে সই সেরে উচ্ছ্বসিত অভিষেক। কেন সবুজ মেরুনে? অভিষেকের প্রতিক্রিয়া, ‘ আমার কাছে দেশের অনেক নামী ক্লাবে খেলার প্রস্তাব এসেছিল। কিন্তু সব প্রস্তাব দূরে সরিয়ে সুপার জায়ান্টে যোগ দেওয়ার কারণ, এটাকেই দেশের এক নম্বর ক্লাব ভাবি। মোহনবাগানে খেললে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মেলে। ট্রফি ও স্বপ্ন ছোঁয়া যায়। সবুজ মেরুনের ট্রফি জয়ের ধারবাহিকতা আছে। সেটাই আমাকে আকর্ষণ করেছে। এই ক্লাব দল গড়ে চ্যাম্পিয়ন হতে। আমারও লক্ষ্য সেটা সবুজ মেরুন জার্সিতে। পাঞ্জাব এফসির জার্সিতে আইলিগ জিতলেও আইএসএলে লিগশিল্ড বা কাপ জিতিনি। আশা করি সেই অধরা স্বপ্নপূরণ সম্ভব হবে সবুজ মেরুন জার্সিতে। ভারতীয় ফুটবল দলের হয়ে খেললেও এএফসি চ্যাম্পিয়ন লিগে কখনও খেলিনি। কোচ হোসে মোলিনা খেলার সুযোগ দিলে সেই স্বপ্নপূরণও হবে।’
সবুজ মেরুন সমর্থকদের প্রত্যাশাপূরণে বদ্ধপরিকর অভিষেক। বললেন, ‘ দেশের মধ্যে মোহনবাগান ক্লাবের সমর্থক সবচেয়ে বেশি। প্রচুর ফ্যান্স ক্লাব আছে বলে শুনেছি। মাঠে আসার পাশাপাশি সোসাল মিডিয়ায় তাদের অ্যাকটিভিটি নজর কাড়া। ওদের উৎসাহ ও প্রেরণা আমাকে ছুঁয়েছে। এদিনও অনুশীলনে সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতো। এটা আমার মতো ফুটবলারকে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করবে, সতীর্থ ফুটবলারদের সঙ্গে সড়গড় হওয়ার পাশাপাশি। ডার্বির উন্মাদনা আমার জানা। তবে এতিদিন মোবাইল, ল্যাপটপ, সোসাল মিডিয়ায় ডার্বির উন্মাদনা টের পেয়েছি। এবার মাঠে খেলে ডার্বির সেই উত্তেজনা অনুভব করার সুযোগ পাব। উপভোগ করব। সেই অপেক্ষাতেই থাকছি।’
এখন দেখার আশিক কুরুনিয়ানের জায়গায় মূলত আসা অভিষেক সুপার জায়ান্ট কোচ হোসে মোলিনা ও সবুজ মেরুন সদস্য-সমর্থকদের কতটা প্রত্যাশাপূরণ করতে পারেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
