অলস্পোর্ট ডেস্ক: ব্রাজিল ফুটবল দলের চিফ কোচ কার্লেল আনসেলোত্তির মুখে যেখানে মরক্কোর শক্তি নিয়ে সমীহের সুর, সেখানে ব্রাজিল আক্রমণের সেরা অস্ত্রকে ভোঁতা করতে ছক কষছেন মরক্কোর মস্ত ভরসা আচরাফ হাকিমি। এই দুই তারকা ফুটবলার শনিবার ভারতীয় সময় শেষ রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মাঠে বিশ্বকাপ ফুটবলের নিজেদের গ্রুপের প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবেন। হাকিমি ও ভিনিসিয়াস জুনিয়ার এর আগে পরস্পরের বিরুদ্ধে লড়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের ম্যাচে নিজ নিজ ক্লাব দল প্যারিস সাঁ জাঁ ও রিয়েল মাদ্রিদের হয়ে।
মরক্কো ফুটবল দলের প্রাণভোমরা, সাফল্যের চাবিকাঠি বললেও ভুল হবে না হাকিমিকে। তাঁর মতে, ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপে মরক্কোর জন্য এই প্রথম ম্যাচটা একধরনের অ্যাসিড টেস্ট বললে ভুল হবে না। এতে নিজেদের বিশ্বকাপ জেতার ক্ষমতা অনেকটাই যাচাই হবে। মরক্কো আন্ডারডগ হিসেবেই এই ম্যাচে খেলতে নামবে। চার বছর আগে ২০২২ কাতার বিশ্বকাপে স্পেন, পর্তুগালের মতো দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। শেষপর্যন্ত চার নম্বরেই শেষ করে সন্তুষ্ট থাকতে হয় তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে। এবার নরওয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ১-১ ড্র রাখার পর হাকিমির মনে করেন পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মোকাবিলায় তাঁরা পুরো তৈরি।
পি এস জির জার্সিতে সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হাকিমির প্রতিক্রিয়া, ‘ বিশ্বকাপে কোনও ফেবারিট দল হয় না। আমরা ব্রাজিল দলের শক্তি জানি। নিজেদের ক্ষমতাও। ম্যাচটা সমানে সমানে হবে দু’দলের মধ্যে। আশা করব ভাগ্য আমাদের সঙ্গে থাকবে। আর আমরা সুযোগগুলো কাজে লাগাতে সক্ষম হব। ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়ারের খেলা ও দক্ষতা আমার জানা। ও একজন বড়মাপের ফুটবলার। ওকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। তবে এটাও বলে রাখি, ওকে আটকাতে তৈরি আমি। সেই পরিকল্পনা ও ছক আমার মাথায় আছে। ওর মুখোমুখি এর আগে অনেকবার হয়েছি। তাই ওর সঙ্গে লড়াইটা ভাল জমবে আমার।’
এদিকে, মরক্কো কোচ মহম্মদ কুয়াহবি ফুরফুরে মেজাজে আছেন ব্রাজিল ম্যাচের আগে। হয়ত নিজের দলের ফুটবলারদের চাপমুক্ত রাখার কৌশল নিতেই ব্রাজিল কোচ আনসেলোত্তিকে নিয়ে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রসিকতা করতে ছাড়েননি। মজার ছলেই বলেন, ‘আনসেলোত্তির সাফল্যের খতিয়ান বেশ দীর্ঘ ক্লাব দল মিলান, চেলসি, পিএসজি, মাদ্রিদের কোচ হিসেবে। এটা আমার জন্য একটা সুবিধা বলতে পারেন। কারণ আমার তো আনসেলোত্তির সম্পর্কে , তাঁর কোচিং সিক্রেটগুলো সব জানা হয়ে গেছে। আমরা প্রতিপক্ষ ব্রাজিল সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেছি। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামব ব্রাজিল ম্যাচে ভাল ফল করতে। আমার দলের ফুটবলারদের সেরা দেওয়ার জন্য মানসিকভাবে মুখিয়ে থাকা ভাব আমাকে খুশি করছে। এই ম্যাচটা আমাদের বুঝিয়ে দেবে এবারের বিশ্বকাপে আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি।’
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পর মরক্কোকে গ্রুপ লিগে হাইতি ও স্কটল্যান্ডের বাধা টপকাতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
