অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মুম্বই সিটি এফসি-র প্রথম ম্যাচ ১৮ সেপ্টেম্বর ইরানের এফসি নাসাজি মাজান্দারানের বিরুদ্ধে। ঘরের মাঠ পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এই ম্যাচ খেলবে গত আইএসএল শিল্ডজয়ীরা। বৃহস্পতিবার এশিয়ার সবচেয়ে বড় ক্লাব টুর্নামেন্টের গ্রুপবিন্যাসের পরে তার সূচীও তৈরি এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি। তৈরি হয় এএফসি কাপেরও সূচী। এই সূচী অনুযায়ী গত আইএসএলের কাপজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে, তাদের ঘরের মাঠে।
আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ চলাকালীনই এই ম্যাচগুলি খেলতে হবে গতবারের আইএসএলের দুই সফল দলকে। সুপার কাপ জয়ী ওডিশা এফসি-র ক্ষেত্রেও ব্যাপারটা একই। সৌদি আরবের আল হিলাল যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে একই গ্রুপে রয়েছে, তাই এই ক্লাবের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলতে তাদের তারকা ফুটবলার নেইমারের ভারতে আসার সম্ভাবনা রয়েছে। সূচী অনুযায়ী সেই ম্যাচ হওয়ার কথা ৬ নভেম্বর, পুনেয়। ওই সময় যদি তাঁর চোট-আঘাত না থাকে, তা হলে হয়তো নেইমারকে ওই দিন শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে নামতে দেখা যাবে।
এ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে রয়েছে উজবেকিস্তানের নভবাহোর, যাদের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলবে মুম্বই সিটি এফসি। এই ম্যাচটি উজবেকিস্তানের কারশিতে গিয়ে খেলতে হবে ডেস বাকিংহামের দলকে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ওয়েস্ট জোন ও ইস্ট জোনে মোট দশটি গ্রুপ রয়েছে। প্রতি জোনে পাঁচটি করে গ্রুপ এবং প্রতি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ মোট ৪০টি দল খেলবে এই পর্বে। প্রতি গ্রুপের এক নম্বর দল, অর্থাৎ দশটি দল পৌঁছবে শেষ ষোলোয়। এ ছাড়াও প্রতি জোনের দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে সেরা তিনটি করে দল, অর্থাৎ মোট ছ’টি দল পৌঁছবে শেষ ষোলোয়। মুম্বই সিটি এফসি-কে নক আউট পর্বে উঠতে হলে হয় গ্রুপ সেরা, নয় দ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা হয়ে ওই জায়গায় পৌঁছতে হবে।
মুম্বই সিটি এফসি এই নিয়ে দ্বিতীয়বার এএফসি-র সেরা ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। গতবার তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। সে বার গ্রুপে তারা দু’নম্বরে ছিল এবং অল্পের জন্য দ্বিতীয়দের মধ্যে সেরা তিনের অন্যতম হিসেবে নক আউট পর্বে উঠতে পারেনি। মুম্বই সিটি এফসি-ই প্রথম ভারতীয় ক্লাব দল, যারা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেছে।
মুম্বই সিটি এফসি-র চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ম্যাচের সূচী
১৮ সেপ্টেম্বর- বনাম এফসি নাসাজি মাজান্দারান (পুনে, সন্ধ্যা ৭.৩০)
৩ অক্টোবর- বনাম নভবাহোর (কারশি, সন্ধ্যা ৭.৩০)
২৩ অক্টোবর- বনাম আল হিলাল (রিয়াধ, রাত ১১.৩০)
৬ নভেম্বর- বনাম আল হিলাল (পুনে, সন্ধ্যা ৭.৩০)
২৮ নভেম্বর- বনাম এফসি নাসাজি মাজান্দারান (তেহরান, রাত ৯.৩০)
৪ ডিসেম্বর- বনাম নভবাহোর (পুনে, রাত ৯.৩০)
(সূচী পরিবর্তনসাপেক্ষ)
অন্যদিকে, এএফসি কাপের গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম হোম ম্যাচ খেলবে ২ অক্টোবর মলদ্বীপের মাজিয়া এসআরসি-র বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচও তারা খেলবে মাজিয়ার বিরুদ্ধে, মলদ্বীপে, ১১ ডিসেম্বর।
এশিয়ার এই দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতায় মোট ৩৬টি দলকে ন’টি গ্রুপ ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বের পরে সেরা দল মার্চে ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেই পর্বে জিতলে ইন্টার জোনাল ফাইনাল এবং সে ম্যাচে জিতে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করার সুযোগ থাকছে।
গত বার গ্রুপ পর্বে গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়া এসআর-কে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩-এ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।
মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি কাপ গ্রুপ ম্যাচের সূচী
১৯ সেপ্টেম্বর- বনাম ওডিশা এফসি (ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০)
২ অক্টোবর- বনাম মাজিয়া এসআরসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)
২৪ অক্টোবর- বনাম বসুন্ধরা কিংস (কলকাতা, সন্ধ্যা ৫.৩০)
৭ নভেম্বর- বনাম বসুন্ধরা কিংস (ঢাকা, রাত ৮.০০)
২৭ নভেম্বর- বনাম ওডিশা এফসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)
১১ ডিসেম্বর- বনাম মাজিয়া এসআরসি (মালে, সন্ধ্যা ৭.৩০)
(সূচী পরিবর্তনসাপেক্ষ)
(খবর আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
