অলস্পোর্ট ডেস্ক: মোহনবাগান ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ইরানের সেপাহান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে না যাওয়ার জন্য আগেই ২০২৫-২৬র এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র টুর্নামেন্ট থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে বাতিল করেছিল এএফসি। এবার গোদের ওপর বিষফোড়ার মতো তাদের ওপর আরও বড় শাস্তির কোপ মারল এএফসি শৃঙ্খলারক্ষাকারী ও এথিক্স কমিটি। মোহনবাগান সুপার জায়ান্টের ওপর বাড়তি একবছরের নির্বাসন, যা প্রকৃতপক্ষে ২ বছরের নির্বাসনের মেয়াদে দাঁড়াচ্ছে।
এর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টকে ৫০ হাজার ডলার জরিমানা করেছে এএফসি। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪৫ লাখের সামান্য বেশি। ৩০ দিনের মধ্যে এই জরিমানার টাকা মেটাতে হবে বাগানকে। আর এএফসি ও সেপাহান এফসিকে ক্ষতিপূরণ বাবদ আরও ৫০ হাজার ৭২৯ ডলার মেটাতে হবে মোহনবাগানকে। যার মূল্য ভারতীয় মুদ্রায় আরও ৫০ লাখ টাকার কাছাকাছি। এছাড়া ২০২৫-২৬ মরশুমে এসিএল টু-তে অংশ নেওয়ার জন্য যে অংশগ্রহণের ফি, পারফরমেন্স বোনাস ও সাবসিডি পেয়েছে, তাও ফেরত দিতে হবে। বলতে গেলে সব মিলিয়ে এককোটি টাকার সমান।
শাস্তির এই বিষয়টি বিশদভাবে ব্যাখ্যা করলে সকলের কাছে পরিষ্কার হবে। এএফসি জানিয়েছে, মোহনবাগান সুপার জায়ান্ট আগামী মরশুমের এএফসির কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না, যদি এসিএল টু-তে কোয়ালিফাই করেও ঘরোয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েও। অর্থাৎ ২০২৫-২৬ মরশুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও ২০২৬-২৭ এএফসির টুর্নামেন্টে খেলতে পারবে না। সেক্ষেত্রে একবছরেই শাস্তির মেয়াদ পূর্ণ হবে।
কিন্তু মোহনবাগান যদি ২০২৫-২৬য়ে আইএসএল চ্যাম্পিয়ন না হয়, তাহলে তাদের শাস্তির মেয়াদ সঙ্গে সঙ্গে পূর্ণ হবে না। তাদের ওপর নির্বাসনের খাঁড়া ঝুলে থাকবে পরের মরশুমের জন্য। পরের মরশুমে অর্থাৎ ২০২৬-২৭ মরশুমের সুপার কাপ বা আইএসএল চ্যাম্পিয়ন যদি হয়ও, তাহলেও ২০২৭-২৮ এএফসির কোনও টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা থাকবে। আর এই মরশুমে চ্যাম্পিয়ন যদি না হয়, এএফসির টুর্নামেন্টে খেলার জন্য কোয়ালিফাই না করে, তাহলে শাস্তির মেয়াদ সেখানেই সম্পূর্ণ হয়ে যাবে। ২০২৮-২৯ থেকে মোহনবাগানের ওপর আর কোনও শাস্তি বা নিষেধাজ্ঞা থাকবে না এএফসির টুর্নামেন্ট খেলার। যদি না মোহনবাগান আবার ভিন দেশের মাটিতে ভিন্ন কোনও অজুহাতে খেলতে না গিয়ে নতুন করে শাস্তির মুখে পড়ে।
গত মরশুমেও নিরাপত্তাজনিত কারণে মোহনবাগান সুপার জায়ান্ট এসিএল টুর ম্যাচে ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে না গিয়ে শাস্তির মুখে পড়ছিল। তবে প্রথম অপরাধ বলেই শুধু সেবার টুর্নামেন্ট থেকে বাতিল করেছিল এএফসি। একই ঘটনার এবার পুনরাবৃত্তি ঘটানোর বড়সড় শাস্তির মুখে পড়ল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
