মুনাল চট্টোপাধ্যায়: একটা সময় মনে হয়েছিল ২০২৫-২৬ আইএসএল শুরু নিয়ে যা ডামাডোল চলছে, তাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র স্লটটাই বুঝি হারাবে ভারতীয় ক্লাব। কিছুদিন আগে পর্যন্ত ঠিক ছিল না কবে আইএসএল শুরু হবে। তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর হস্তক্ষেপে ক্লাব প্রতিনিধি ও ফেডারেশন কর্তাদের বৈঠকে জট ছাড়ে। ১৪ দল নিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরুর কথা ঘোষণা করা হয়।
এরপর থেকেই শুরু হয়ে আইএসএল আয়োজনের জন্য জরুরি অন্য কাজগুলি। তার মধ্যে যেমন সূচী তৈরির বিষয়টি রয়েছে, তেমন ২০২৫-২৬ মরশুমের পাশাপাশি পরের ২০ বছরের জন্য বানিজ্যিক ও ব্রডকাস্টিং পার্টনার ঠিক করাটাও। গ্লোবাল টেন্ডার ডেকে এই সমস্য সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে। কিন্তু এর পাশাপাশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইএসএলে অংশগ্রহণকারী দলগুলোর কাছে, এবারের সংক্ষিপ্ত লিগে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় চ্যাম্পিয়ন দল কি এএফসি স্লট পাবে খেলার জন্য, নাকি একবারে বঞ্চিত হবে।
এটা জানতে এআইএফএফ-আইএসএল যৌথ কমিটি একটি চিঠি পাঠিয়েছিল ১২ ডানুয়ারি এএফসির কাছে। আবেদন করা হয়েছিস, এবারের দেরিতে শুরু হওয়া আইএসএল ও সংক্ষিপ্ত লিগের কথা মাথায় রেখে এএফসি যদি বিশেষ ছাড় বা অনুমোদন দেয় এএফসি স্লট পাওয়ার নিয়মে, তাহলে ভাল হয়। এএফসি সবদিক বিবেচনা করে সেই ছাড় বা অনুমোদন দিয়েছে। অনেকটা ওই নাই মামার চেয়ে কানা মামা ভাল আর কী!
এএফসি জানিয়েছে, এখন থেকে আর কোনও সরাসরি স্লট ভারতের ক্লাব পাবে না এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু খেলার জন্য। সুপার কাপ ও আইএসএল লিগ শিল্ড জয়ী দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্লে অফ খেলেই মূল পর্বে জায়গা লাভের যোগ্যতার্জন করতে হবে। আসলে সংক্ষিপ্ত আইএসএলের মোট ৯১ ম্যাচের খেলায় ১৪ ক্লাব ১৩টি করে ম্যাচ পাবে একদফা লিগে হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে। ইতিমধ্যে হয়ে যাওয়া সুপার কাপে যে দলগুলো অংশ নিয়েছিল, তারা কমপক্ষে ৩টি করে ম্যাচ খেলেছে। তার মানে মোট ১৬ ম্যাচ তারা পেয়েছে। কিন্তু তাতে এএফসির শর্ত অনুযায়ী ২৪ ম্যাচের কোটা পূর্ণ হচ্ছে না। তাই ২০২৬-২৭য়ের এএফসির টুর্নামেন্টে অংশ নিতে সুপার কাপ ও আইএসএল লিগ শিল্ড বিজয়ীদের বিশেষ ছাড় বা অনুমোদনের প্রয়োজন ছিল।
এতদিন সুপার কাপ চ্যাম্পিয়নরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার টু-র প্লে অফ পর্যায়ে খেলে মূল পর্বে ওঠার সুযোগ পেত। যেমন পেয়েছিল এফসি গোয়া। তারা আবার সেটা পাবে। ২০২৬-২৭ মরশুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্লেঅফে আবার খেলবে, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে।
আর এতদিন আইএসএলের লিগ শিল্ডজয়ী দল সরাসরি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র মূল পর্বে খেলত। যে সুযোগটা গতমরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট অর্জন করেছিল। কিন্তু পরে নিরাপত্তার দোহাই দিয়ে এক ম্যাচ পর টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে সেই সুযোগটা নষ্ট করে তারা। সেই অপরাধের শাস্তিস্বরূপ, তারা আর আগামী দু’মরশুম এএফসির কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না ঘরোয়া লিগ বা সুপার কাপে চ্যাম্পিয়ন হলেও। তবে ২০২৫-২৬য়ে মোহনবাগান খেলার অনুমতি না পেলেও , অন্য যে দল চ্যাম্পিয়ন হবে, বা দ্বিতীয় স্থানে থাকবে, মোহনবাগান চ্যাম্পিয়ন হলে, তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টায়ার টু প্লেঅফে অংশ নিতে পারবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
