Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে ঘরের মাঠে ১৪ অক্টোবর। আগে ঠিক ছিল ম্যাচটা হবে বেঙ্গালুরুতে। কিন্তু এএফসির আপত্তিতে ওই ম্যাচ বেঙ্গালুরুতে হবে না। ফলে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বিকল্প মাঠে খোঁজ করতে হচ্ছে ভারত-‌সিঙ্গাপুর ম্যাচের জন্য। সম্ভবত গোয়া বা শিলংয়ের মাঠে ওই ম্যাচ হতে পারে।

জানা গেছে, সম্প্রতি এএফসির এক পর্যবেক্ষক দল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের পরিকাঠামো পরিদর্শনে এসেছিল। সঙ্গে ছিলেন ম্যাচ কমিশনার। তাঁরা যে রিপোর্ট দিয়েছেন ওই স্টেডিয়াম ও মাঠ দেখে, তা সন্তোষজনক নয়। তারা জানিয়েছে, মাঠের অবস্থা ভাল নয়। তাছাড়া অন্যান্য অনেকগুলো প্রতিবন্ধকতা রয়েছে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে। ১৪ অক্টোবরের মধ্যে তা কতটা ঠিক হবে বলা কঠিন।

আসলে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্টেডিয়াম কর্তৃপক্ষের পাশাপাশি পালন করে বেঙ্গালুরু এফসি দল। কারণ আইএসএল খেলা দলটির এটি হোম গ্রাউন্ড। তারা এখানে ম্যাচ খেলে যেমন তোমন নিয়মিত অনুশীলন করে। কিন্তু আপাতত বেঙ্গালুরু ক্লাবের সব কাজকর্ম স্থগিত রেখেছে আইএসএল ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায়। এতে স্টেডিয়াম সংস্কারের কাজও থমকে গেছে। ফলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।

বাধ্য হয়েই এআইএফএফকে বিকল্প মাঠের কথা ভাবতে হচ্ছে। এদিক থেকে শিলং বা গোয়াই এগিয়ে রয়েছে। কলকাতা যুবভারতীতে ম্যাচ হওয়া অসম্ভব ছিল না। কিন্তু উৎসবের মরশুমে কলকাতায় ম্যাচ করার ঝুঁকি নেবে না ফেডারেশন। কারণ পুলিশের অনুমতি পাওয়া বেশ কঠিন ১৪ অক্টোবরে। তাছাড়া যুবভারতীতে ম্যাচ আয়োজনের খরচও অনেক। সেখানে শিলং বা গোয়া এসব ঝামেলা নেই। উৎসবের কোনও আঁচ ওখানে পড়বে না। শিলংয়ে এএফসি এশিয়ান কাপ কোয়ালিয়ারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল তৎকালীন কোচ মানোলো মারকোয়েজের কোচিংয়ে। সম্প্রতি ১৩ আগস্ট গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ওমানের আল সিবের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র ম্যাচ খেলেছে এফসি গোয়া। এই দুটো মাঠই আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য তৈরি আছে।

তাই শেষপর্যন্ত বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ক্লিয়ারেন্স না পেলে, শিলং বা গোয়ার মাঠেই খালিদ জামিলের ভারতীয় দলকে খেলতে হবে সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৪ অক্টোবর। তর আগে অবশ্য জাতীয় দলের নতুন কোচ খালিদ জামিলের অগ্নিপরীক্ষা থাকবে সিঙ্গাপুরের মাঠে ৯ অক্টোবর। গ্রুপের যা অবস্থা, তাতে বাংলাদেশের সঙ্গে ১-‌১ ড্র করে, আর হংকংয়ের কাঠে ০-‌১ গোলে হেরে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবচেয়ে নীচে রয়েছে ভারত। সিঙ্গাপুর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে। সুতরাং এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আশা জিইয়ে রাখতে শুধু ৯ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে ১ পয়েন্টও যথেষ্ট নয়, ৩ পয়েন্ট জরুরি। নইলে কার্যত ছিটকে যাবে ভারত মূল পর্বে যাওয়ার দৌড় থেকে।

সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতীয় দল কতটা লড়বে, মানোলোর জায়গায় খালিদ জামিলের কোচিংয়ে খেলায় কতটা উন্নতি হল, সেটা কিছুটা বোঝা যাবে ২৯ আগস্ট শুরু হওয়া কাফা নেশনস কাপের পারফরমেন্স দেখে। তাজিকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ ২৯ আগস্ট, রাত ৯টায়। ১ সেপ্টেম্বর ভারত ও ইরানের মধ্যে খেলা বিকেল সাড়ে ৫টায়। গ্রুপ শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত বিকেল সাড়ে ৫টায়। তৃতীয়-‌চতুর্থ স্থান নির্ণায়ক ও ফাইনাল ৮ আগস্ট। খালিদ জামিল এই টুর্নামেন্টকে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসেবেই নিচ্ছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *