অলস্পোর্ট ডেস্ক: জাতীয় দলের শিবিরে থাকা ও খেলার সময় আশিক কুরুনিয়ান ও শুভাশিস বসুর চোট ঘিরে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের চাপান উতোয় তুঙ্গে ওঠায়, এবার শুরু থেকেই সন্দেশ ঝিঙ্গানের চোট নিয়ে বেশ সতর্ক এআইএফএফ। যাতে এআইএফএফের দিকে সন্দেশের চোটের শুশ্রুষা নিয়ে কোনও কথা না ওঠে, তার জন্য তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করেছে তারা।
কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই চোয়ালে আঘাত পান ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। তা সত্ত্বেও বসে না গিয়ে দলের স্বার্থে পুরো ম্যাচ খেলেন। পরে পরীক্ষায় ধরা পড়ে সন্দেশের চোয়ালে চিড় ধরা পড়েছে। এরপর আর ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও কোচ খালিদ জামিল তাঁকে দলের সঙ্গে রাখার ঝুঁকি নেননি। সন্দেশকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আফগানিস্তান ম্যাচে সন্দেশকে ছাড়াই খেলে ভারতীয় ফুটবল দল। তাজিকিস্তান ও ইরানের মধ্যে ম্যাচ ২-২ ড্র হওয়ায় হেড টু হেড বিচারের সুবিধায় আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোলশূণ্য ড্র করেও খালিদ ব্রিগেড প্লেঅফ পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। ৮ সেপ্টেম্বর তৃতীয়-চতুর্থ স্থানের জন্য লড়বে ভারত।
ভারতীয় ফুটবল ফেডারেশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন সন্দেশ। এআইএফএফ ও এফসি গোয়া মিলিতভাবে সন্দেশের চোটের ব্যাপারে যথেষ্ট যত্ন নিচ্ছে। সন্দেশ যাতে সবচেয়ে ভাল চিকিৎসা পায় সেরে উঠতে তার জন্য সবরকম সাহায্য করা হবে। এআইএফএফ নিশ্চিত করতে চায় সবাইকে, জাতীয় দলে থাকা ও বা খেলার সময় কোনও ফুটবলার চোট পেলে, তার পাশে সবসময় থাকতে তৈরি।
ইরান ম্যাচে হারের পর সন্দেশ বেশ অখুশি ছিলেন খেলার ফলে। বলেছিলেন, ‘ আমরা যেভাবে ফিফা ক্রমতালিকায় ২০ নম্বরে থাকা ইরানের বিরুদ্ধে প্রথমার্ধে লড়েছিলাম, ৫৯ মিনিট পর্যন্ত ম্যাচটা গোলশূণ্য রাখতে পেরেছিলাম, তাতে শেষপর্যন্ত ০-৩ গোলে হারটা সঙ্গতিপূর্ণ ফল নয়। তবে এই হারটা আমাদের অনেক কিছু শেখালো। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিরুদ্ধে লড়াই করে হারে অনেকগুলো ইতিবাচক দিক আছে। সেটা নিয়ে বাকি টুর্নামেন্টে ভাল কিছু করা সম্ভব।’
সন্দেশের সাহসী মানসিকতার ভূয়সী প্রশংসা করে খালিদ বলেছেন, ‘ সন্দেশের মতো এমন সাহাসী ফুটবলার দেখিনি এর আগে। চোট নিয়ে পুরো ম্যাচ খেলে গেছে। খুব কম ফুটবলারই এমন পারে।’ সন্দেশকে মাঠে ফেরাতে বিশেষ রিহ্যাব প্রসেস চালানো হবে। চোয়ালের চিড় সারাতে যা যা প্রয়োজনীয় তার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। মেডিকেল পরীক্ষায় চোয়ালের চিড় সারার ওপরই নির্ভর করবে, কবে পুরোপুরি ট্রেণিংয়ে ফিরবেন। চিকিৎসকরা চাইলে তাঁকে মাঠে ফেরার অনুমতি দিতে পারেন ফেসিয়াল প্রোটেক্টিভ গিয়ার লাগিয়ে। তার কারণ ১৭ সেপ্টেম্বর আল জাওরার বিরুদ্ধে এফসি গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওই ম্যাচে এফসি গোয়া কোচ মানোলো মারকোয়েজ তাঁর রক্ষণভাগের সেরা স্তম্ভ সন্দেশকে দলে চাইবেন, এটা বলাই বাহুল্য।
সন্দেশকে চোটের জন্য ভারতে ফিরতে হয়েছে। তবে ইরান ম্যাচের লড়াকু ফুটবল ভারতকে কাফা নেশনস কাপের প্লেঅফ পর্যায়ে পৌঁছে দিয়েছে। খালিদ জামিলের জাতীয় দলের কোচ হিসেবে প্রথম টুর্নামেন্ট এটা বেশ কৃতিত্বের। সবচেয়ে বড় কথা, ভারতীয় ফুটবল দল আরও একটা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবে। সিঙ্গাপুরের বিরুদ্ধে বাইরে ৯ অক্টোবর ও ঘরে ১৪ অক্টোবর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলার আগে এটা একটা বাড়তি লাভ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
