Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কাতার ২০২২ বিশ্বকাপে লিওনেল স্কালোনির কোচিংয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু পরপর দু’‌বার আর্জেন্টিনার কোচ স্কালোনি ও লিওনেল মেসির চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নপূরণ হল না ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ০-‌১ গোলে। এই স্কালোনির কোচিংয়েই ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছিলেন মেসিরা। রবিবার রাতে স্পেনের কাছে হারের পর সেই স্কালোনির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সেটা কানে এসেছে আর্জেন্টিনা কোচের। সম্ভবত সে কারণেই স্পেনের কাছে হারের জ্বালা বুকে নিয়ে স্কালোনি ম্যাচ শেষে জানান, তিনি নিজের ভবিষ্যত নিয়ে এখনও নিশ্চিত নন। আসলে চলতি বছরে ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ হিসেবে তাঁর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সেই চুক্তি নবীকরণ না হলে, স্কালোনিকে নতুন করে ভাবতে হবে নিজের ভবিষ্যত নিয়ে।

সাংবাদিক সম্মেলনের শুরুতে নিজের যন্ত্রণা আড়াল করতে চেষ্টা করলেও, শেষদিকে নিজেকে আর ধরে রাখতে পারেননি স্কালোনি। কান্নায় ভেঙে পড়ে সাংবাদিক সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান তিনি। স্কালোনি বলেন,‘‌ আমি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলব। আমার কিছু পরিকল্পনা আছে। জানাতে চাই আমি কী করতে চাই। আপাতত চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও আমার মনে হচ্ছে, যা দলের জন্য করেছি এখনও পর্যন্ত, তার থেকে ভাল আর কিছু করা সম্ভব। আর একারণেই কথা বলা জরুরি। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞ আমাকে আর্জেন্টিনা দলের সঙ্গে কাজ করতে দেওয়ার জন্য। যেটুকু প্রাপ্তি ঘটেছে, সেটা অর্জন করার সুযোগ দেওয়ার কারণে। এইমুহূর্তে আমার জায়গাটা অন্য সকলের জন্যও স্বপ্নের। আমরা সকলে সাফল্যের জন্য শেষ মিনিট পর্যন্ত লড়েছি। এখন ভাবার সময় এসেছে নতুন করে।’‌

স্কালোনির আগে একমাত্র কার্লোস বিলার্দো আর্জেন্টিনাকে পরপর দু’‌বার বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন। ১৯৮৬তে মারাদোনার নেতৃত্বে জয়ের পর ১৯৯০ তে রার্নাস হয় আর্জেন্টিনা তাঁর কোচিংয়ে। তবে স্কালোনির মতো বিলার্দো কোপা আমেরিকা জেতেননি। যদি ধরেও নেওয়া যায়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তারা স্কালোনির সঙ্গে জাতীয় দলের কোচের পদে রাখতে চুক্তি নবীকরণের পথে হাঁটবেন, তাহলে বলতে দ্বিধা নেই আর্জেন্টিনা দলে বেশ কিছু বদল আসবে, আর সেই বদলে যাওয় দল নিয়ে নতুন করে এগোতে হবে স্কালোনিকে।

মেসির বয়স এখন ৩৯। ২০২৬ বিশ্বকাপে ৮ গোল করা ছাড়াও এমবাপের(‌২২)‌ পিছনে রয়েছেন মেসি ২১ গোল করে সব বিশ্বকাপে খেলা মিলিয়ে। তাঁর পক্ষে ২০৩০ বিশ্বকাপে দেশের জার্সিতে খেলা সম্ভব বলে মনে হয় না। এমনকি ২০২২ ও ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশে খেলা ৮ ফুটবলারের অনেকেরই পরের বিশ্বকাপে দলে না থাকার সম্ভাবনা। কথা বলতে গলা ধরে আসছিল স্কালোনির। বলেন, ‘‌ আমি, আমার কোচিং স্টাফ বা ফুটবলাররা কেউ ভাবেনি আমরা আজ এই জায়গায় থাকব। তাই কাজ চালিয়ে যেতে গেলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। বিশেষ করে নতুন করে একটা দল গড়ে তোলার কাজটা সহজ নয়। এবং সেটা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এটা সত্যি কঠিন। আমি দুঃখিত।’‌ এই কথা বলতে বলতেই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে সাংবাদিক সম্মেলন কক্ষ ছেড়ে চলে যান স্কালোনি প্রচারমাধ্যমের হাততালির মাঝে।

তার আগে ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, ম্যাচের ফল নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। স্পেন আধিপত্য রেখে খেলে ম্যাচ জিতেছে। ১০৬ মিনিটে করা ফেরান টোরেসের গোলটাই মোক্ষম সময়ে পার্থক্য গড়ে দেয় জয় পরাজয়ের। স্পেনকে কৃতিত্ব দিতেই হবে। তবে আমরা গোহারা হারিনি। ফুটবলাররা শেষপর্যন্ত লড়েছিল। ফুটবলার ছাড়াও দলের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দেব এতদূর পর্যন্ত আসার জন্য। খারাপ লাগছে আমাদেরল সমর্থকদের জন্য, যারা প্রতি ম্যাচে আমাদের ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে সাহায্য করেছে, প্রেরণা জুগিয়েছে।’‌

এখন দেখার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কর্তারা চলতি বিশ্বকাপে হারের পর স্কালোনির ওপর ভরসা রাখেন, নাকি নতুন কাউকে দায়িত্ব দেন দলকে সাফল্যে ফেরাতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *