Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই কলকাতা এসেছে তুর্কমেনিস্তানের আহাল এফকে। মঙ্গলবার যুবভারতীর মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে এক ইঞ্চিও জমি বিনা লড়াইয়ে ছাড়বেন না, এটা জোর গলায় সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন আহালের চিফ কোচ এজিজ আনামুহামেদভ। ফুটবলার মাগতিমবার্দি বেরেনভ তো আত্মবিশ্বাসী সুরে জানালেন, মঙ্গবারের ম্যাচে তাঁদের লক্ষ্য ৩ পয়েন্ট।

আহাল এফকে দলে কোনও বিদেশি নেই। দলটা মূলত অনূর্ধ্ব ২৩ অলিম্পিক ও জাতীয় সিনিয়র ফুটবলার নিয়ে গড়া। অলিম্পিক দলের ১০ ও সিনিয়র দলের ৭ ফুটবলারের সকলেই নবীন। ঘরের ফুটবলারদের ওপরই পুরো ভরসা রাখছেন আহাল কোচ। কেন দলে কোনও বিদেশি নেই?‌ এটা কি দল না দেশের নীতি, এই প্রশ্নে আনামুহামেদভের বক্তব্য, ‘‌ আমার দেশের ফুটবলারদের যোগ্যতা ও দক্ষতার ওপর পুরো আস্থা আছে। এটা আমাদের দেশের নীতি। দেশে প্রতিভার অভাব নেই। তাদের তুলে আনাটা, প্রতিষ্ঠা দেওয়াটাই মূল লক্ষ্য। তাই বিদেশি খেলানোর দরকার পড়ছে না। এই দল নিয়েই প্রতিপক্ষ মোহনবাগানকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৈরি।’‌

মোহনবাগান এসজি দল সম্পর্কে কতটা ধারনা আছে?‌ কীধরনের প্রস্তুতি নিয়ে এসেছেন?‌ আপনার দলে আরকাদাগের হয়ে খেলা এভেনার আনায়েভ বলে এক ফুটবলার আছেন। তাঁর কাছ থেকে কোনও টিপস নিয়েছেন কি?‌ আহাল কোচ জানালেন, ‘‌ ভালরকম প্রস্তুতি নিয়েই এসেছি। মরশুমের শুরু থেকেই অনুশীলন ও খেলার মধ্যে আছে দল। আলাদাভাবে শিবিরও করেছি আমরা মোহনবাগান ম্যাচের কথা ভেবে। হ্যাঁ, আরকাদাগের হয়ে আগে খেলা আনায়েভ এখন আমাদের দলে। তবে আমরা মূলত দেশের ক্লাব আরকাদাগ ও আলটিন আসিরের থেকে কলকাতার আবহাওয়া, পরিবেশ, খাবার দাবার নিয়ে খোঁজ নিয়েছি। কারণ শুনেছি ভারতীয় খাবার, বিশেষ করে কলকাতার খাবারে বেশ ঝাল থাকে। আমরা যাতে অভ্যস্ত নই। মোহনবাগান দলের শক্তি সম্পর্কে আমদের ধারনা আছে। ওদের ম্যাচের ভিডিও দেখেছি। বিশ্লেষণ করেছি। আমাদের ফুটবলাররা মাঠে নেমে সেরা দিতে মুখিয়ে আছে।’‌

মোহনবাগান দলে ৩ অস্ট্রেলিয়ান বিশ্বকাপার সহ ৬ বিদেশি আছে। এটা কতটা চাপের?‌ এঁদের আটকানোর কী কৌশল নেবেন?‌ যুবভারতীতে মোহনবাগান সমর্থকদের চিৎকারের সামনে খেলাটা কি সমস্যায় ফেলবে?‌ আহাল কোচের সাফ বক্তব্য, ‘‌ কীভাবে আমরা খেলব, মোহনবাগানের বিদেশিদের কীভাবে সামলাব, সেটা সময়েই দেখতে পাবেন ম্যাচে। আমরা ওদের নিয়ে শুধু ভাবব কেন?‌ ওরা আমাদের ডিফেন্ডারদের নিয়ে ভাবুক। আর প্রতিপক্ষ দর্শকের বিপক্ষে এই প্রথমবার দল খেলবে , এমন তো নয়। সেই চাপ নিয়ে সেরা দিতে তৈরি আমার ফুটবলাররা।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *