অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবল ফেডারেশনের আর এক কীর্তি। এএফসির সতর্ক করা চিঠি পেয়েও সমস্যা সমাধানের ঢিলেমি চালিয়ে যাচ্ছিল। ফিফার ধমকে অবশেষে নড়েচড়ে বসেছে।
ফিফার নির্বাসনের হুমকির চিঠিতে ভারতীয় ফুটবল ফেডারশনের কর্তাদের ঘুম উড়েছে কিনা বলা শক্ত। তবে চিন্তায় পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়ার মতো দল, যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র ম্যাচে খেলবে। ইস্টবেঙ্গল মহিলা দলও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ভারতীয় সিনিয়র পুরুষ দলের সামনে যখন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, তখন ভারতীয় সিনিয়র মহিলা দলের সদস্য সঙ্গীতা বাসফোরদের ভাবনায় এশিয়ান মূল পর্বে খেলা। ভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান সময়মতো না তৈরি হলে নির্বাসন অনিবার্য। সেক্ষেত্রে সব খেলা থেকেই বঞ্চিত হবে ক্লাব ও ভারতীয় দল।
এসব জেনেও ২০১৭ সাল থেকে সংবিধানে সংশোধনের কাজটা ঝুলেই আছে আদালতে। তার থেকেও বড় কথা, ফিফার চরমপত্র আসার আগে এএফসি ১৯ আগস্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলের নামে একটি চিঠি পাঠিয়েছিল সতর্ক করে। ২৫ আগস্টের মধ্যে সেই চিঠির সন্তোষজনক জবাব দেওয়ার কথা বলেছিল এএফসি। উত্তর কিছু এআইএফএফ পাঠিয়েছিল কিনা সময়মতো, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। পাঠালে ফিফার নির্বাসনের হুমকি আসত না। সবচেয়ে বড় কথা, চিঠির খবরটা বেমালুম চেপে গিয়েছিল এআইএফএফ।
এএফসি সাফ বলেছিল, ভারতের ঘরোয়া ফুটবল ঘিরে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। ভারতের টপ টায়ার লিগ আইএসএল কবে হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা এআইএফএফ দিতে পারেনি। এতে ভারতের ক্লাব দলগুলোর পরিচালন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ফুটবলার, কর্মী, ফুটবলের সঙ্গে জড়িত মানুষের চুক্তি, মাইনে, রুটি রোজগার বিপন্ন। এটা চলতে দেওয়া যায় না। অবিলম্বে এই অবস্থানের অবসান দরকার। আদালতের দোহাই দিয়ে বছরের পর বছর এই টালবাহানা চলতে পারে না।
একইসঙ্গে এএফসি চিঠিতে লিখেছিল এআইএফএফ জানাক, তারা ২০২৫-২৬ মরশুমে টপ টায়ার লিগ করতে না পারলে, পরবর্তী এএফসি চ্যাম্পিয়ন্স লিগ স্লটে কারা খেলবে, সেটা ঠিক করবে কীসের ভিত্তিতে? কোনও বিকল্প পথে ভেবেছে কী?
এর উত্তর এতদিন যে দেয়নি ফেডারেশন, সে তো বোঝাই যাচ্ছে। তবে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সামনে যৌথ প্রস্তাব রাখার পর এএফসি ও ফিফাকে সন্তোষজনক উত্তর দিয়ে নিজেদের পিঠ বাঁচাবে, এমনটা আশা করাই যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
