মুনাল চট্টোপাধ্যায়: যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, তেমনই হল। আইএসএল ঘিরে ভারতীয় ফুটবলে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টের কাছে একযোগে আবেদন করার সিদ্ধান্ত নিল ভারতীয় ফুটবল ফেডারেশন ও আইএসএল ক্লাবগুলো। বৃহস্পতিবার ফেডারেশনের আইনি উপদেষ্টা আইএসএল ক্লাব প্রতিনিধিদের মধ্যে একদফা আলোচনা হয়। সেখানে সকলে একমত হন, ২০২৫-২৬ মরশুম শুরুর অনিশ্চয়তা ঘিরে ক্লাবের কর্মী, খেলোয়াড় ও স্টেকহোল্ডারদের যে বিরাট সমস্যার মধ্যে পড়তে হয়েছে, সেটা অবগত করা ও সমস্যা মেটানোর লক্ষ্য নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হবেন।
এর আগে ১১ আগস্ট আইএসএল ক্লাব প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে আলোচনায় বসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। তখন সাফাই দেওয়ার ভঙ্গিতে বলেছিলেন, ‘ এটা ঠিক আমরা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তবে তার জন্য আমরা দায়ি নই। কিছু মানুষ সংশোধনের নামে নিজের স্বার্থ চরিতার্থ করতে এই সমস্যা তৈরি করেছেন। তবে সকলে মিলে চেষ্টা করব, এর সমাধান করতে।’
তবে কল্যান একইসঙ্গে বিস্ময় প্রকাশ করেন, আলোচনার পরদিনই মোহনবাগান ও ইস্টবেঙ্গল ছাড়া ১১ টি আইএসএল ক্লাব তাঁকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে দ্রুত সমস্যা মেটানোর কথা বলায়। ওই চিঠিতে বেশ স্পষ্ট করে লেখা হয়েছিল, ফেডারেশন যদি তাদের কথামতো সুপ্রিম কোর্টের কাছে দ্রুত রায়দানের জন্য আবেদন না করে, তাহলে তারা নিজেরেই সে কাজটা করবে। কল্যানের বক্তব্য ছিল, তিনি তো বলেইছিলেন, পরবর্তী বৈঠকে সুপার কাপ শুরুর তারিখ চুড়ান্ত করার সময়ই এনিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তাহলে আবার চিঠি পাঠানোর কী দরকার ছিল তাঁদের?
তবে এটা আগে বললেও জাতীয় ক্রীড়াবিল পাস হওয়ার পর আর দেরি করতে চায়নি কোনও পক্ষই। দ্রুত সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের দরবারে নিজেদের সমস্যা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে। এতে জট খোলার সম্ভাবনা প্রবল। কারণ জাতীয় ক্রীড়াবিল পাস হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট তাদের চুড়ান্ত রায় দিতে পারছিল না আইনগত সমস্যার কারণে। এবার আশা করা যেতেই পারে, সুপ্রিম কোর্ট ফেডারেশনে সংশোধিত নতুন সংবিধান দিলেই, ফেডারেশন নয়া কার্যকরী কমিটি গঠনের জন্য নির্বাচনের পথে হাঁটবে, যত তাড়াতাড়ি সম্ভব। কল্যান নিজেও তা চাইছেন, হারানো জমি ফিরে পেতে। তাঁর আশা, ভারতীয় ফুটবলের টলমল তরীটা যদি এবার কোনওরকমে তীরে ভেড়ানো যায়, তাহলে ফেডারেশনের সভাপতির আসনটা তাঁর হাতছাড়া নাও হতে পারে।
সুযোগ বুঝে এফএসডিএল চাপ সৃষ্টি করেছে কিনা ফেডারেশনের ওপর? কল্যানের জবাব, ‘ আমি তেমন কিছু মনে করি না। আইএসএল ভারতীয় ফুটবলে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। আইএসএলের কল্যানে সারাভারত জুড়ে ফুটবল পরিকাঠামোগত ভাবে, ফুটবলার- কর্মীদের মাইনে, প্রোডাকশন ও সম্প্রচার ঘিরে যে বিশাল কর্মযজ্ঞের সৃষ্টি হয়েছে, তা যথেষ্ট প্রশংসনীয়। মনে করি, এই বিশাল পরিমান বিনিয়োগ ও খেলা চলচি থাকলে, ১০ বছরের মধ্যে ভারতীয় ফুটবলের ফিফা র্যাঙ্কিং ও পারফরমেন্সে প্রভূত উন্নতি ঘটবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
