অলস্পোর্ট ডেস্ক: নাই মামার চেয়ে কানা মামাই ভাল। আইএসএলের আয়োজন আপাতত স্থগিতই থাকল। ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ও আইএসএল ক্লাব প্রতিনিধিদের বৈঠকে আইএসএল শুরু নিয়ে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি, গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের চুড়ান্ত রায়ের ওপর নির্ভরশীল থাকায়। কিন্তু ভারতীয় ক্লাব ফুটবলের অগ্রগতি যাতে থমকে না যায়। মাঠে যাতে বল গড়ায়, তার জন্য ফেডারেশন ও ক্লাব প্রতিনিধিদের বৈঠকে, একটা সাময়িক সমাধান বের করা হয়েছে। আইএসএল শুরুর আগে সুপার কাপের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিল ফেডারেশন।
সেপ্টেম্বরে আইএসএল শুরুর কথা ছিল। এখন সেজায়গায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর উইন্ডোতে সুপার কাপ আয়োজনের পথে হাঁটছে ফেডারেশন। গত মরশুমে সুপার কাপ হয়েছিল আইএসএল শেষে। এফসি গোয়া ফাইনালে জামশেদপুর এফসিকে হারিয়ে সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্লেঅফে খেলার যোগ্যতার্জন করেছে। এবার সুপার কাপ আগে হলে, শুধু আইএসএল নয়, আইলিগের দলগুলোর সামনেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু প্লে অফে খেলার সুযোগ আসবে। স্বাভাবিকভাবে ক্লাবগুলোকে আইএসএল কবে শুরু হবে, এই অনিশ্চয়তায় প্রিসিজন প্র্যাকটিস কবে থেকে চালু করবে,এই সমস্যায় পড়ে থাকতে হবে না। তারা দলগঠন থেকে প্রিসিজন প্ল্যানিং শুরু করতে পারবে সুপার কাপের দিন জানতে পারলেই। ৩১ আগস্টের আগে প্রথম ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার সই করানোর ব্যাপারটাও সেরে ফেলতে পারবে, সুপার কাপের কথা মাথায় রেখে।
আইএসএলের ১৩ টি ক্লাব প্রতিনিধি দিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের আলোচনায় অংশ নেয়। মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসির প্রতিনিধি যোগ দেন ভার্চুয়ালি। বৈঠক শেষে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে প্রচারমাধ্যমকে জানান, ‘ আইএসএল শুরু নিয়ে এইমুহূর্তে কিছু সমস্যা রয়েছে। তার পরিবর্তে খেলা যাতে বন্ধ না থাকে, তার জন্য সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছি। ক্লাবগুলো তাতে সম্মতি জানিয়েছে। বেশ কিছু ক্লাবের ফুটবলারদের জড়ো করে প্রস্তুতি নিতে ৬ থেকে ৮ সপ্তাহ লেগে যাবে। তাই সুপার কাপ সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে শুরুর সম্ভাবনা। পরের বৈঠকে সুপার কাপ শুরুর তারিখ, ফরম্যাট ও সূচী ঠিক করা হবে।’
এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের মাস্টার রাইটস এগ্রিমেন্ট বিতর্কের ফয়সালা না হওয়ায় আইএসএল আপাতত স্থগিত আছে। সে জট যে এইমুহূর্তে ছাড়বে না, সেটা জানাই ছিল। কারণ তার জন্য সুপ্রিম কোর্টের দেওয়া ফেডারেশনের সংশোধিত সংবিধানের জন্য অপেক্ষা করতে হবে। তেমন নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি গঠনের। সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশ। এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের মাস্টার রাইটস এগ্রিমেন্টের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তাই এমন তো সম্ভব ছিল না, আইএসএল শুরু করে ডিসেম্বরের পর নতুন করে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নবীকরণের। বিশেষ করে যখন ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটি ক্ষমতাহীন সুপ্রিম কোর্টের নির্দেশে। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এই কমিটির গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। সেক্ষেত্রে এফএসডিএল যে পুরোন কমিটির কথায় আইএসএল শুরু করবে না, সেটা স্পষ্ট বোঝা গিয়েছিল। এরপরেও ফেডারেশন সভাপতি কল্যান চৌবে দাবি করেছেন ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে, আইএসএলের ভবিষ্যত ঘিরে যাই অনিশ্চয়তা থাক, দেশে একটা টপ টায়ার বা সর্বোচ্চ লিগ হবেই, যে কোনও ফরম্যাটে। কীভাবে সেটা সম্ভব, সেটা স্পষ্ট কোনও রূপরেখা দিতে পারেননি। সবচেয়ে বড় কথা, ভারতীয় ফুটবল দলের খেলা, মোহনবাগান এসজি, এফসি গোয়ার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টায়ার টু-র খেলার সূচীর মাঝে নতুন কোনও লিগ চালু করে তা খেলানোর কাজটা মোটেই সহজ নয়।
ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি , চেন্নাইন এফসি তাদের ফুটবল সংক্রান্ত কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফুটবলার থেকে পরিচালনায় জড়িত প্রতিনিধি ও কর্মীদের মাইনেও স্থগিত রাখার পথে হেঁটেছে। এনিয়ে প্রশ্ন রাখলে ফেডারেশন সভাপতি কল্যান চৌবে গোটা অচলবস্থার জন্য নিজের দায় ঝেড়ে ফেলে বলেন, ‘ এভাবেই টপ টায়ার লিগ চলে। ক্লাব কীভাবে চলবে বা চালাবে, সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। এব্যাপারে ফেডারেশন কোনও হস্তক্ষেপ করতে পারে না।’
সুপার কাপ আয়োজনের ফেডারেশনের এই ভাবনায় প্রাথমিক সম্মতি জানিয়ে এলেও ক্লাবের একাংশ কিছুটা চিন্তায় কীভাবে তারা নিজেদের দল গোছাবে বা প্রিসিজন প্ল্যানিং করবে। মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল, বা অন্যান্য কিছু ক্লাবের মতো যারা ডুরান্ড কাপ খেলছে, বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু মূল পর্ব বা প্লেঅফে খেলবে, তাদের দল তৈরিই আছে। বাকিরা কিছুটা হলেও ব্যাকফুটে। তাই তারা যেমন নিজেদের তৈরি হওয়ার সময় চেয়েছে ফেডারেশনের কাছে, তেমন আলাদাভাবে আদালতের দারস্থ হওয়ার কথা ভাবছে আইএসএল ঘিরে অচলবস্থায় জন্য ফেডারেশনের মতো এফএসডিএলের ভূমিকায় সোচ্চার হয়ে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের কাছেও বিনীত রাখছে, দ্রুত চুড়ান্ত রায় দিয়ে ভারতীয় ফুটবলকে বাঁচাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
