অলস্পোর্ট ডেস্ক: সুনীলদের কোচ হওয়ার দৌড়ে শেষপর্যন্ত শেষ ল্যাপে ছিটকে গেলেন বাংলার কোচ সঞ্জয় সেন। আগেরবার তাও বাছাই তালিকায় শেষ তিনজনের মধ্যে ছিলেন সঞ্জয়। তাঁকে টপকে ভারতীয় পুরুষ সিনিয়র ফুটবল দলের চিফ কোচ হয়ে যান মানোলো মারকোয়েজ। এবার বাছাই তালিকায় শেষ ২০ জনের মধ্যে সঞ্জয়ের নাম থাকলেও, সর্বশেষ বাছাই তালিকার তিনজনের মধ্যে সঞ্জয়ের স্থান হল না। সেই তালিকায় রয়েছেন এক ভারতীয় কোচ খালিদ জামিল, স্লোভাক জাতীয় দলের প্রাক্তন কোচ, বর্তমানে কিরগিজস্তানের দায়িত্বে থাকা স্টেফান টারকোভিচ ও এর আগে দু’বার ভারতীয় দলের দায়িত্ব পালন করা বিদেশি কোচ স্টিফেন কনস্টানটাইন। টেকনিকাল কমিটির সদস্যরা তাঁদের এই তিনজনের বাছাই তালিকা কার্যকরী কমিটির কাছে পাঠিয়েছেন চুড়ান্ত সিদ্ধান্ত নিতে।
সঞ্জয় যে শেষপর্যন্ত কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে যাবেন, সেটা বোঝা গিয়েছিল, ফেডারেশনের অ্যাডসাইসার ভারতের দুই বর্ষীয়ান কোচ বিমল ঘোষ ও আর্মান্দো কোলাসোর মনোভাবে। তাঁরা ফেডারেশনকে সুপারিশ করেন জামশেদপুর এফসি কোচ খালিদ জামিলকে বাছতে ভারতীয় দলের জন্য। টেকনিকাল কমিটির চেয়ারম্যান আইএম বিজয়ন জানিয়েছিলেন, তিনি চান এবার ভারতীয় কোনও কোচ জাতীয় দলের দায়িত্ব নিন। খালিদ জামিলকে তাঁরও পছন্দ গত দু’মরশুম আইএসএল ও সুপার কাপে জামশেদপুর কোচ হিসেবে নজরকাড়া পারফরমেন্সের কারণে। শুরুতে ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন খালিদ। পরে তাঁকে সকলে বুঝিয়ে আবেদন করতে রাজি করান।
এটা নিশ্চিত হওয়ার পরই, জমা পড়া ১৭০ আবেদনের মধ্য থেকে প্রথমে ২০ জনকে বেছে নেন টেকনিকাল কমিটির সদস্যরা। কিন্তু সবদিক বিবেচনা করে তিনজনের বাছাই তালিকায় সিনিয়র দলের কোচ হওয়ার দৌড়ে খালিদ জামিলকে রাখতে দ্বিধা করেননি তাঁরা। ভারতীয় ফুটবল ডিরেক্টার সুব্রত পাল প্রস্তাব রেখেছেন স্টিফেনকে দায়িত্বে ফেরানোর। কিন্তু এইমুহূর্তে স্থায়ী কোনও বিদেশি কোচকে নিয়োগ করার থেকে আইএসএল শুরু পর্যন্ত অস্থায়ী ভাবে ভারতীয় কোনও কোচকে দায়িত্বে দেওয়াই শ্রেয় মনে করেছেন টেকনিকাল কমিটির বাকি সদস্যরা। একইসঙ্গে এটা ভুললে চলবে না, এর আগেরবার সুনীলদের সঙ্গে ভারতীয় শিবিরে চোরা সংঘাতের কারণে এশিয়ান কাপের মঞ্চ থেকেই ইস্তফা দিয়ে চলে গিয়েছিলেন স্টিফেন। সুনীল এখনও ভারতীয় দলে আছেন। টারকোভিচ স্থায়ী নিয়োগপত্র না পেলে রাজি হবেন বলে মনে হয় না।
ফলে বর্তমান পরিস্থিতিতে বলতে দ্বিধা নেই, খালিদের ভারতীয় কোচ হওয়া শুধু সময়ের অপেক্ষা। এব্যাপারে জামশেদপুর এফসির কর্তাদের সঙ্গে কথা সেরে রেখেছেন ফেডারেশন প্রতিনিধিরা। আপাতত আইএসএল হচ্ছে না। নভেম্বরের আগে তো নয়ই। তার আগে সেপ্টেম্বরে ভারতীয় সিনিয়র দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। অক্টোবরে সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মরণ বাঁচন ম্যাচ রয়েছে। ওই ম্যাচ না জিতলে ভারতের এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ। তখন অনেক সময় মিলবে, ভারতীয় দলের পরবর্তী স্থায়ী কোচ নিয়ে ভাববার। তার আগে খালিদ অস্থায়ী ভাবে ভারতীয় দলের কোচের পদে থাকুন। পরিস্থিতি বুঝে আইএসএল শুরু হলে, জামশেদপুরের দায়িত্বে ফিরবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
