সুচরিতা সেন চৌধুরী, জামশেদপুর: ৮৬ মিনিটে নেমে ৯৫ মিনিটে গোল। আর তাতেই স্বপ্নভঙ্গ মোহনবাগানের। যে দলটা ৯০+৪ মিনিটের বেশি সময় পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল, তাকে ড্র করে ফিরতে হচ্ছে কলকাতায়। আর এই পুরো কর্মকান্ডকে বদলে দেওয়ার একমাত্র কারিগর বাংলার ছেলে ঋত্বিক দাস। আসলে ওয়েন কোয়েল। কারণ তাঁর মাস্টারস্ট্রোকেই ৯০+৫ মিনিটে সমতায় ফিরল জামশেদপুর এফসি। সানানের বদলে কেন সেই সময় তিনি ঋত্বিককে নামালেন সেটা নিয়ে আর প্রশ্ন নয়, বরং ড্র করেও জয়ের উল্লাস দেখা গেল জামশেদপুর সমর্থকদের মধ্যে। ঋত্বিক বলছিলেন, ‘‘আমার এটাই ভালো লাগছে, কোচের বিশ্বাসের মান রাখতে পেরেছি। দলকে পয়েন্ট এনে দিতে পেরেছি।’’
এদিন এক বাঙালির গোলেই আটকে গেল মোহনবাগান। তবে ঋত্বিকের জন্য এটা প্রথম নয়। এর আগেও তাঁর গোলেই আইএফএফ শিল্ড ফাইনালে হেরেছিল মোহনবাগান। শুধু কী মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও গোল রয়েছে ঋত্বিকের। কিন্তু এখনও খেলা হয়নি কলকাতার বড় ক্লাবে। আসানসোল থেকে কলকাতায় পাড়ি দিয়েছিলেন ফুটবলের টানেই। এখন থাকেন নিউটাউনে। মা আর ছেলের সংসারে ফুটবলটাই সব। তাই গোল উৎসর্গ করছেন মাকেই। বলছিলেন, ‘‘গোল উৎসর্গ করব মা আর আমার ছোটবেলার কোচকে।’’ সাফল্য আসছে, আসছে গোল, তাও ডাক আসছে না কলকাতার বড় দলে, সেটা নিশ্চই ভাবায় তাঁকে। হতাশও করে। কিন্তু যে দলেই খেলুক না কেন, নিজের সেরাটা দিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
এর আগে খেলেছেন কলকাতার দুই ক্লাব কাস্টমস ও কালীঘাটে। তার পর আর কলকাতায় খেলার সুযোগ হয়নি। তবে জামশেদপুরের হয়ে সুযোগ পেলেই জ্বলে উঠছেন মোহনবাগান স্কুলের এই ফুটবলার। বলছিলেন, ‘‘সব বাঙালিরই স্বপ্ন থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগানে খেলার। আমারও আছে।’’ তবে আফশোস নেই। আইএসএল দলে পুরো সময় খেলার সুযোগও আসে না বিদেশিদের ভিড়ে। তার মধ্যেই নিজের সেরাটা উজার করে দেওয়ার চেষ্টা করেন তিনি। আর সেটাই চালিয়ে যাবেন।
এই জামশেদপুর দলে যে ক’জন বাঙালি রয়েছেন তা ইস্টবেঙ্গল, মোহনবাগানেও নেই। প্রণয় হালদার, ঋত্বিক দাস, সৌরভ দাস, সার্থক গৌলুইয়ের মতো বাংলার ছেলেরা এখন আর কলকাতার দলে সুযোগ পান না। কলকাতার দুই দলের দিকে তাকালে দেখা যাবে প্রথম দলের জন্য দুটো নাম মোহনবাগানে শুভাশিস বোস আর ইস্টবেঙ্গলের জন্য সৌভিক চক্রবর্তী। অনেক প্রশ্ন উঠেছে, পরিস্থিতি বদলায়নি। ঋত্বিকের এই গোলের পর কি তাঁর শিকে ছিড়বে কলকাতার দলে? আগামী মরসুমের জন্য এই প্রশ্নটাই রেখে গেলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
