Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আগেই লেখা হয়েছিল, নতুন চুক্তি সেরে তাঁর প্রিয় ক্লাব স্যান্টোসেই থেকে যাবেন ব্রাজিলিয়ান বিশ্বকাপার নেইমার জুনিয়র। প্র‌ত্যাশামতোই স্যান্টোসেই থাকলেন নেইমার। এমনকি এই আভাসও দিয়ে রাখলেন পেশাদার ফুটবল জীবনের ইতি তিনি তাঁর খেলোয়াড় জীবন শুরু করা প্রিয় ক্লাবেই করবেন। হাঁটুর গুরুতর চোট নিয়ে নেইমার যেভাবে এবার ব্রাজিলিয়ান সির এ লিগে স্যান্টোসের অবনমন বাঁচিয়েছেন, তাতে ক্লাব কর্তারা অভিভূত। তাঁরা নেইমারকে ঘিরে নতুন করে আরও ভাল কিছু করার স্বপ্ন দেখছেন।

অথচ মাসখানেক আগে স্যান্টোসের হয়ে শেষ ৫ ম্যাচ খেলার আগে হাঁটুর চোটের জন্য এতটাই হতাশ ছিলেন নেইমার, বাবা নেইমার সিনিয়রের কাছে বলে ফেলেন, এভাবে আর চলা সম্ভব হচ্ছে না। খেলা ছেড়ে দেওয়াই ভাল। চোটের অপারেশন করে নেওয়ার পর আর মাঠে ফেরা সম্ভব হবে বলে মনে করেছেন না। বাবা নেইমার সিনিয়র অবশ্য ছেলেকে হাল ছাড়তে নিষেধ করেছিলেন। বলেছিলেন, ‘‌ দেশবাসীর তোমার ওপর এখনও অনেক আশা ও প্রত্যাশা। আমি মনে করি তুমি অপারেসন করালেও দ্রুত ফিট হয়ে মাঠে ফিরতে সক্ষম। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলে নিজের ও দেশবাসীর ট্রফি জেতার স্বপ্নপূরণ করবে এই বিশ্বাস রাখি।’‌ ২০২২ কাতার বিশ্বকাপে নকআউটের প্রাথমিক পর্যায়ে হেরে ছিটকে যাওয়ার পর হতাশায় তখন একবার ব্রাজিল জাতীয় দল থেকে অবসর নেওয়ার কথা ভেবেছিলেন।

নেইমারের মধ্যে হতাশা আরও বেড়েছিল, ২০২৩ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে শেষবার খেলার সময় গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়ার পর। হাঁটুর চোট তাঁকে প্রায় একবছর খেলার বাইরে রেখেছিল। স্যান্টোসে ফেরার পরও নিয়মিত ছিলেন না। তবে স্যান্টেসের ব্রাজিল লিগে অবনমন ঠেকাতে চোটের যন্ত্রণা নিয়েও খেলেন। বিশেষ করে শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ গোল করে দলের অবনমন বাঁচাতে সাহায্য করেন। শেষ ম্যাচে নিজে গোল না পেলেও , ক্রুজেরিওর বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা নেন। এই ম্যাচের পরই এসিএল ও মিনিসকাস চোটের অস্ত্রোপচার করে এখন রিহ্যাবে রয়েছেন নেইমার। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপের আগে ফিট হয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়া।

তবে স্যান্টোসের কর্তাদের যতই মন জয় করুন না কেন নেইমার দলের অবনমন বাঁচিয়ে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লোস আনসেলোত্তির মন এখনও ভেজাতে পারেননি নেইমার। আনসেলোত্তির সাফ কথা, ১০০ শতাংশ ফিট না হলে শুধু নেইমার কেন, চোটের জন্য পিছিয়ে পড়া ভিনিসিয়াস জুনিয়রের বিশ্বকাপের দলে জায়গা হবে না। আমি ৮০ শতাংশ নেইমার বা ভিনিসিয়াসের জায়গায় ১০০ শতাংশ ফিট অন্য ফুটবলারকে দলে নেব। ব্রাজিলের ফরোয়ার্ড লাইনে ভাল ফুটবলারের অভাব নেই। তাই নামের পেছনে ছুটে দলের সাফল্যের সঙ্গে কোনও আপোস করতে চাই না। বিশেষ করে যেখানে বিশ্বকাপ জয়ের প্রশ্ন জড়িয়ে আছে। নেইমার অবশ্য আনসেলোত্তির কাছে একটা আবেদন করে রেখেছেন,‘‌ বিশ্বাস রাখি, আপনার কোচিংয়ে ব্রাজিল বিশ্বকাপে সাফল্যের মুখ দেখবে। আর সেই স্বপ্নপূরণে আপনার পাশে থাকতে চাই। দলের সাহায্য করতে প্রস্তুত থাকব দ্রুত ফিট হয়ে।’‌

এখন দেখার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির (‌ মেসি যদি ২০২৬ বিশ্বকাপে খেলেন) শেষ বিশ্বকাপে ব্রাজিল জার্সিতে নেইমার শেষবারের মতো জ্বলে ওঠার সুযোগ পান কিনা?‌‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *