Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড আয়োজন নিয়ে একটা ডামাডোলের মাঝে কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগের খেলা জোরকদমে শুরু হয়ে গেছে। দুই প্রধানের মধ্যে মোহনবাগান এসজি যখন ডুরান্ডে অংশগ্রহনের বিষয়টি এখনও ঝুলিয়ে রেখেছে নানা কারণ দেখিয়ে, তখন কলকাতা লিগে চুটিয়ে খেলছে তারা। তাদের যুব দলের খেলা ঘিরে দু’‌দল সমর্থকের মাঝে আগ্রহ ও উন্মাদনা প্রচুর। নৈহাটিতে খেলা হলেও।

ডুরান্ড কমিটি এতকাল একইগ্রুপে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে রেখে ডার্বি ম্যাচ করাটা নিশ্চিত করে ফেলেছিল। তাতে ডুরান্ডে একটা বাড়তি রেভিনিউ আসছিল। কিন্তু এবার মোহনবাগান এসজি শুরুতে রিজার্ভ দল নিয়ে খেলব বলার পর হঠাৎই বেঁকে বসে ডুরান্ড অংশগ্রহণে। তার বড় একটা কারণ, পুরো শক্তি ছাড়ার ডার্বি খেলার ঝুঁকি এড়াতে। মোহনবাগান এসজি কখনওই চায় না মরশুমের প্রথম ডার্বি হারতে। সেটা তাদের পক্ষে মর্যাদাহানিকর। সদ্যগঠিত মোহনবাগানের কার্যকরী কমিটিও চাইবে না তাদের নাম খারাপ হোক বাজে ফলে।

আইএসএল শুরু ঘিরে অনিশ্চয়তার কারণে মোহনবাগান সিনিয়র দলের অনুশীলন নিয়ে ধাঁধার মাঝে আছে বাগান টিম ম্যানেজমেন্ট। তাদের সাফ কথা, যদি না জানা যায়, আইএসএল কবে থেকে শুরু হচ্ছে, তাহলে সিনিয়র দলের প্রাকমরশুম প্রস্তুতির পরিকল্পনা করা সম্ভব নয়। অতিরিক্ত বেশি আগে থেকে দেশি ও বিদেশি ফুটবলারদের আনাটা অর্থহীন হয়ে পড়বে আইএসএল ম্যাচ শুরুর দিন না জানলে। কোচ হোসে মোলিনাও সেটা চান না। অথচ যুব দলের সঙ্গে সিনিয়র দলের কয়েকজন দেশি ও বিদেশি ফুটবলার না থাকলে ডুরান্ডে ডার্বি খেলতে হলে তা সমস্যার। বিশেষ করে ইস্টবেঙ্গল যেখানে রিজার্ভ দলের সঙ্গে সিনিয়র কিছু ফুটবলারদের খেলানোর কথা ভেবে রেখেছে ডুরান্ড ডার্বি হলে। মোহনবাগানের সেখানেই আপত্তি ডার্বি খেলতে। তারা মুখে একথা না বললেও, ভেতরে ভেতরে এই ভাবনাটা পোষণ করেই ডুরান্ড খেলার ব্যাপারে সম্মতিতে ধীরে চলো নীতি নিয়েছে।

তবে যেটুকু আভাস মিলেছে, একঝাঁক আইএসএল ক্লাবের নাম প্রত্যাহারের মাঝে মোহনবাগানকে খেলিয়ে ডুরান্ডের জৌলুস কিছুটা হলেও ধরে রাখতে গ্রুপ পর্যায়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে এক গ্রুপে রেখে ডার্বি খেলানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে টুর্নামেন্ট কমিটি। পরবর্তী সময়ে নকআউট পর্বে দেখা হলে আলাদা কথা। ততদিনে মোহনবাগান প্রয়োজন মতো সিনিয়র দেশি ও বিদেশি ফুটবলার এনে ডার্বির লড়াইয়ে নামার ঝুঁকি নিতেই পারে।

এতে অবশ্য লাভই হবে আইএফএর। ডুরান্ড ডার্বি আদৌ হবে কিনা, সেই টালবাহানার মাঝে কলকাতা ফুটবল লিগ ২০২৫-২৬ ডার্বি সমযমতো হলে, সেটা ঘিরে একটা আলাদা উত্তেজনা তৈরি হবেই। এবার কলকাতা ফুটবল লিগের ডার্বির দিন ঠিক আছে ১৯ জুলাই। এতে দু’‌দলের যুব ফুটবলাররা খেললেও, একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা মেঠো রেশারেশি থাকবেই। গত মরশুমে যুবভারতীতে লিগের ডার্বিতে বিনো জর্জের কোচিংয়ে ইস্টবেঙ্গল ডেগি কার্ডোজোর প্রশিক্ষণপ্রাপ্ত মোহনবাগান এসজির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। এবার সেই ডার্বি নতুন করে সেজে ওঠা বারাসত স্টেডিয়াম ও মাঠে আয়োজনের কথা ভাবছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তবে লিগের অন্যান্য ম্যাচ নৈহাটিতে খেললেও শেষপর্যন্ত যুবভারতীর বাইরে বারাসতে মোহনবাগান ডার্বি খেলতে চাইবে কিনা, ইস্টবেঙ্গলও কতটা রাজি থাকবে, সেটা সময়ই বলবে। অবশ্য খেলা বারাসতে হলে যুবভারতীর তুলনায় দু’‌প্রধানের ফুটবলাররা অনেক বেশি দর্শক ভরা গ্যালারি পাবে নিজেদের উজ্জীবিত করতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *