Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন বলেছিলেন, সব ম্যাচ জেতা সম্ভব হবে এমন নয়। প্রতিপক্ষ দলগুলো গতবারের চ্যাম্পিয়ন দল বাংলার বিরুদ্ধে বাড়তি উদ্যম নিয়ে ঝাঁপাবে। তাই প্রতিটি ম্যাচ কঠিন হবে। পয়েন্ট খোয়ালে অবাক হওয়ার কিছু নেই। আগে লক্ষ্য সন্তোষ ট্রফির কোয়ার্টারফাইনালে খেলা নিশ্চিত করা। সেই লক্ষ্যপূরণ প্রথম তিন ম্যাচেই হয়ে গিয়েছিল জিতে। তারপর ছন্দপতন। গত ম্যাচে তামিলনাড়ুর সঙ্গে ১-‌১ ড্র করেছিল বাংলা। শুক্রবার আসামের মাঠে গ্রুপের শেষ ম্যাচে আসামের বিরুদ্ধেও জিততে ব্যর্থ। ১ গোলে এগিয়ে গিয়েও পরে গোল হজম করে ১-‌১ ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল সঞ্জয় সেনের দলকে। অপরাজিত থেকে ৫ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে থাকল বাংলা।

আক্রমণাত্মক ফুটবল খেলে ৩২ মিনিটে আকাশ হেমব্রমের গোলে এগিয়ে যায় বাংলা। কিন্তু তারপরই খেলার ওপর নিয়ন্ত্রণ হারায় তারা। রক্ষণের ওপর চাপ বাড়ে। আসাম ৫১ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলার গোলকিপারের তৎপরতায় আসাম বিরতি পর্যন্ত গোল শোধ করতে পারেনি। শেষপর্যন্ত আসাম বিতর্কিত পেনাল্টি থেকে সমতা ফেরায়। ৮২ মিনিটে বাংলা ডিফেন্ডারের হাল্কা টাচে আসামের ফুটবলার পড়ে গেলে রেফারি পেনাল্টি দেন। ৮৪ মিনিটে ঋতুরাজ পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি।

পরপর দু’‌ম্যাচ ড্র করার থেকেও গোল হজম চিন্তায় রাখছে বাংলা দলকে কোয়ার্টাইফাইনালের আগে। কারণ এরপর নকআউটের লড়াই আরও কঠিন হবে প্রতিপক্ষ দলগুলো আরও শক্তিশালী হওয়ায়। তবে সেই চ্যালেঞ্জ নিতে তৈরি কোচ সঞ্জয় সেন। হাতে যেটুকু সময় আছে, তার মধ্যে মাঝমাঠ ও রক্ষণের জমাট ভাব বাড়ানোর কাজে হাত লাগাবেন তিনি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *