Photo Courtesy: IFA
অলস্পোর্ট ডেস্ক: ডিব্রুগড়ের যে হোটেলে বাংলা ফুটবল দল রয়েছে সন্তোষ ট্রফি খেলার জন্য, সেখান থেকে আসামের ধাকুয়াখানার স্টেডিয়ামের প্রতিযোগিতার মাঠের দূরত্ব ৮০ কিলোমিটারের কাছাকাছি। বাসে চেপে হোটেল থেকে ম্যাচ খেলার জন্য পৌঁছতে কতটা সময় লাগবে, আর ফুটবলাররা তার ধকল কতটা নিতে পারবে, সেটা ভেবে উদ্বিগ্ন ও একইসঙ্গে বিরক্ত ছিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। তারওপর প্রতিপক্ষ নাগাল্যান্ড ছিল অনেকটাই অচেনা। তবে দূরত্বের বাধা অতিক্রম করে, বাস যাত্রার ধকল সামলে প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করল বাংলা।
বাংলাকে প্রথম মিনিটেই গোল করে এগিয়ে দেন অধিনায়ক রবি হাঁসদা। ৩২ মিনিটে বাংলা হয়ে দ্বিতীয় গোল সায়ন ব্যানার্জির। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান আকাশ হেমব্রম। ৯১ মিনিটে গোল করে নাগাল্যান্ডের কফিনে শেষ পেরেক পুঁতে দেন আকিব নবাব।
দুরন্ত জয় দিয়ে শুরু করলেও আসামের প্রত্যন্ত অঞ্চলের স্টেডিয়ামে ৮০ কিলোমিটার যাত্রার ধকল নিয়ে ম্যাচ খেলা নিয়ে অসন্তোষ লুকোলেন না বাংলার কোচ সঞ্জয় সেন প্রতিক্রিয়া দেওয়ার সময়। ম্যাচ খেলে হোটেলে বাসে ফেরার সময় সঞ্জয় বলেন, ‘ যেভাবে সাধারন বাসে চেপে এতদূরের পথে পেরিয়ে গিয়ে মাঠে নেমে নাগাল্যান্ডের বিরুদ্ধে দৃষ্টিনন্দন ফুটবল খেলে ম্যাচ জিতিয়েছে ফুটবলাররা, তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। আশঙ্কা ছিল, তিন ঘন্টা সাধারন বাসে পা ঝুলিয়ে বসে থেকে খেলতে নেমে ফুটবলাররা সেরা দেওয়া নিয়ে সমস্যায় পড়তে পারে। এসকর্ট কার সামনে না থাকলে আরও বেশি সময় লাগত। কার বুদ্ধিতে এমন জায়গায় খেলা দেয় ,কে জানে? যারা ভারতীয় ফুটবলের টেকনিকাল কমিটি বা মাথায় আছে, তাদের জ্ঞান নিয়ে সন্দেহ আছে। এভাবে ভারতীয় ফুটবলে উন্নতি সম্ভব?’
নাগাল্যান্ড ম্যাচ নিয়ে সঞ্জয় সেনে বলেন, ‘ নাগাল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে হাল্কাভাবে নিতে নিষেধ করেছিলাম রবিদের। বলেছিলাম, যারা মিজোরাম, মনিপুরের মতো দলকে হারিয়ে মূল পর্বে এসেছে, তাদের খাটো করে দেখলে ভুল হবে। বাংলা যেহেতু গতবারের চ্যাম্পিয়ন, তাই সকলেই আমাদের হারানোর বাড়তে চেষ্টা করবে। ফুটবলাররা সেটা মাথায় রেখেছিল। ৪ গোলে জয় এসেছে। আরও ৪ গোল হতে পারত। তবে এই জয়ে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। মাঝে ২৪ ঘন্টার ফারাক। তারপর এই একই দূরত্ব পেরিয়ে উত্তরাখন্ডের মুখোমুখি হতে হবে। উত্তরাখন্ডের খেলার ভিডিও জোগাড় করে কৌশল নেব ওদের হারাতে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
