Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: গতবারের আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে কার্যত কোণঠাসা করে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল বেঙ্গালুরু এফসি। শনিবার তারা ঘরের মাঠে প্রথম নক আউট ম্যাচে মুম্বইয়ের দলকে ৫-০-য় হারায়। আইএসএলে এই প্রথম কোনও ম্যাচে পাঁচ গোল করল বেঙ্গালুরু। এই জয়ের ফলে আগামী ২ ও ৫ এপ্রিল সেমিফাইনালে এফসি গোয়ার মুখোমুখি হতে চলেছে ২০২২-২৩ মরশুমের রানার্স আপ দলটি। 

এ দিন ম্যাচে আগাগোড়া আধিপত্য বজায় না রেখেও আইএসএলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সবচেয়ে বড় জয় অর্জন করে বেঙ্গালুরু। ন’মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুরেশ সিং। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান এডগার মেনডেজ। বিরতিতে এই দু’গোলেই এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। 

বিরতির পর রায়ান উইলিয়ামসের গোলে ৩-০ হওয়ার পর থেকেই ক্রমশ হতোদ্যম হয়ে পড়তে শুরু করে মুম্বই সিটি। ৭৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলের পর তারা পুরোপুরি হাল ছেড়ে দেয়। ফলে ৮৩ মিনিটের মাথায় জর্জ পেরেইরা দিয়াজের গোলের সময় মুম্বইয়ের রক্ষণ কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। আইএসএলের নক আউট পর্যায়ে এত বড় ব্যবধানে জয় এই প্রথম। এর আগে ২০১৯-এ এফসি গোয়া ৫-১-এ হারিয়েছিল এই মুম্বই সিটি এফসি-কেই। 

এ দিন বেঙ্গালুরু এফসি সারা ম্যাচে মোট ন’টি শটের মধ্যে ছ’টিই গোলে রাখে, যার মধ্যে চারটি থেকেই গোল অর্জন করে তারা। ১১টির মধ্যে চারটি শট গোলে রাখে মুম্বই। কিন্তু একটি থেকেও গোল পায়নি লিগ পর্বে ২৯ গোল করা মুম্বই সিটি এফসি। 

এ দিন রায়ান উইলিয়ামসের ক্রস থেকে প্রথম গোলটি করেন সুরেশ। প্রথমার্ধের শেষ দিকে গোলমুখী রায়ান উইলিয়ামসকে বক্সের মধ্যে পিছন থেকে ফাউল করেন ভালপুইয়া। ফলে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। সেই পেনাল্টি থেকে চলতি আইএসএলের আট নম্বর গোলটি পেয়ে যান মেনডেজ। 

বিরতির পর এক কাউন্টার অ্যাটাকে সুরেশের পাস থেকে বল পান রায়ান উইলিয়ামস। তিনি প্রথমে মেহতাব সিংকে পরাস্ত করেন এবং পরে গোলকিপার ফুর্বা লাচেনপাকেও ধোঁকা দিয়ে বল জালে জড়িয়ে দেন। এই গোলের ১৪ মিনিট পরে ৭৬ মিনিটের মাথায় পেরেইরা দিয়াজের কাছ থেকে বল পেয়ে সোজা গোলে শট নেন সুনীল ছেত্রী। হাওয়ায় গতিপথ বদলে বল গোলে ঢুকে পড়ে। এই প্রথম কোনও ভারতীয় ফুটবলার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে দশ গোল করলেন। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও তাঁর দশ গোল রয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে আলবার্তো নগুয়েরার সাজিয়ে দেওয়া পাসে শেষ গোলটি করেন পেরেইরা দিয়াজ।

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *