অলস্পোর্ট ডেস্ক: অবশেষে স্বস্তি সুনীল ছেত্রী ও তাঁর সতীর্থদের। শনিবার সুনীলের ক্লাব বেঙ্গালুরু এফসি জানিয়েছে, তারা আবার ক্লাবের কাজকর্ম আগের মতোই চালু করছে। প্রথম সারির ফুটবলার ও কর্মীদের মাইনে দেওয়াটাও। ভারতীয় ফুটবল মহলের জন্য সুখবর।
গত মাসে ৫ আগস্ট বেঙ্গালুরু তাদের ক্লাবের সবধরনের কাজকর্ম বন্ধ করে দেয়। একইসঙ্গে ফুটবলার, কর্মী, ফুটবলের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মানুষের বেতনও। মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন ও এফএসডিএলের মাঝে সংঘাত, সুপ্রিম কোর্টে সংশোধিত সংবিধান আসা নিয়ে একটা জটকে কেন্দ্র করে ভারতীয় ফুটবলে অচলাবস্থা তৈরি হয়। এতে আইএসএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে যায়। ঘরোয়া ফুটবল মরশুম মুখ থুবড়ে পড়ে। সেকারণেই বেঙ্গালুরু এফসি টিম ম্যানেজমেন্টও অনির্দিষ্টকলের জন্য ক্লাবের কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
কয়েকদিন আগে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে সুপার কাপ আয়োজনের সময় ঘোষণা করার পরই বেঙ্গালুরু শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে ক্লাবের কাজকর্ম পুনরায় শুরু করার কথা জানিয়েছে। সুপার কাপে অংশগ্রহণের সম্মতিও দিয়েছে। আর তারই প্রস্তুতির অঙ্গ হিসেবে ১৬ সেপ্টেম্বর থেকে দলের অনুশীলন শুরু কথাও ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২৬ মরশুমে ভাল ফল করার জন্য প্রথম দলের অনুশীলন শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে তাদের নতুন স্টেট অফ দ্য আর্ট সেন্টারে।
এখন দেখার এতে অনুপ্রাণিত হয়ে ওড়িশা এফসির মতো দলও পুনরায় ক্লাবের কাজকর্ম শুরু করে কিনা? ফুটবলার ও কর্মীদের বেতন দেয় কিনা? ফুটবলারদের সঙ্গে থাকা চুক্তির মান্যতা দেয় কিনা? ফেডারেশনের অনুরোধ মেনে সুপার কাপে অংশ নেয় কিনা? তা জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
