অলস্পোর্ট ডেস্ক: একইদিনে ব্রাজিল আর আর্জেন্টিনার হারের নজির খুব একটা নেই। তবে সেই ঘটনাই ঘটেছে দক্ষিণ আমেরিকার ২০২৬ বিশ্বকাপ ফুটবলের যোগ্যতানির্ণায়ক শেষ পর্বের ম্যাচে। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চমকে দিয়েছে বলিভিয়া, আর ইকুয়েডারের কাছে ০-১ গোলে হেরেছে আর্জেন্টিনা।
লা পাজের মাঠে বলিভিয়ার মিগুয়েল টারসেরোস প্রথমার্ধের সংযুক্তি সময়ে পেনাল্টি থেকে গোল করে জয় এনে দেন ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে। এই জয়ের সুবাদে বলিভিয়া ইন্টারকন্টিনেন্টাল প্লেঅফ খেলার সুযোগ পাচ্ছে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতার্জনের লক্ষ্যে। ২০২৬ আমেরিকা, কানাডা, মেক্সিকোতে মিলিতভাবে আয়োজিত বিশ্বকাপের মূল পর্বে ওঠার প্লেঅফের লড়াইয়ে বলিভিয়ার সঙ্গে কনকাকাফ অঞ্চলের দুটি দল, আফ্রিকা, এশিয়া ও ওসেনিয়া কনফেডারেশনের একটি করে দল। এই প্লেঅফের খেলা হবে মার্চে মন্টেরে ও গুয়াদালজারাতে।
বলিভিয়ার কাছে হারে কার্লোস আনসেলেত্তির ব্রাজিল পঞ্চম স্থানে শেষ করেছে। ইকুয়েডার ও আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে যোগ্যতার্জন করেছে, তবু গুয়াকুইলের মাঠে দু’দলের খেলাটা নিয়মরক্ষার হলেও চড়া মেজাজের অভাব ঘটেনি ম্যাচে। ঘরের মাঠে মেসি আগেই দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার কথা ঘোষণা করেছিলেন। ইকুয়েডারের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাঁকে খেলার জন্য জোর করেননি কোচ স্কালোনি। তাই মেসি ছিলেন না এই ম্যাচে। আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডি ৩১ মিনিটে লাল কার্ড দেখেন। আর্জেন্টিনা ১০ জন হয়ে যাওয়ায় বাড়তি একজন ফুটবলার মাঠে থাকার সুযোগে পেনাল্টি থেকে এনার ভ্যালেন্সিয়া গোল করে ইকুয়েডারকে এগিয়ে দেন। ইকুয়েডারের মোসেস কাসেডো ৫০ মিনিটে লাল কার্ড দেখলেও ম্যাচটা শেষপর্যন্ত ১-০ গোলে জিতেই যায়।
হারলেও আর্জেন্টিনা শীর্ষ স্থানেই শেষ করেছে ৩৯ পয়েন্ট নিয়ে। ইকুয়েডারের থেকে ৯ পয়েন্ট এগিয়ে থেকে। ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে হারিয়ে কলম্বিয়ার স্থান তিন নম্বর। এই হারে ভেনেজুয়েলার প্লেঅফ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। চিলির সঙ্গে গোলশূণ্য ড্র করে উরুগুয়ে চতুর্থ স্থানে ও পেরুকে ১-০ গোলে হারিয়ে প্যারাগুয়ে ৬ নম্বরে শেষ করেছে যোগ্যাতানির্ণায়াক পর্বে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
