ছবি: সিবিএফ
অলস্পোর্ট ডেস্ক: ফ্রান্সের কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনসেলোত্তি ও তাঁর ফুটবলাররা। নেইমারকে বাদ দিয়ে খেলার জন্য ব্রাজিল সমর্থকদের কটুক্তিও শুনতে হয়েছিল। মঙ্গলবার ক্রোয়েশিয়াকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারানোয়, সেই সমালোচনা আপাতত কিছুটা থেমেছে। ব্রাজিলের হয়ে গোল করেন দানিলো, ইগর থিয়াগো, গ্যাব্রিয়েল মার্তিনেলি। ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টারফাইনালে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তারপর এটাই ছিল প্রথম সাক্ষাত। এই জয়ে পুরোন ক্ষতে মলম লাগল এমনটা বলা যাবে না, কারণটা সেটা ছিল বিশ্বকাপের ম্যাচ, আর এটা নিতান্তই একটা প্রীতি ম্যাচ। তবু এই জয়টা ব্রাজিলকে বিশ্বকাপের আগে কিছুটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
কার্লো আনসেলোত্তির ব্রাজিল শুরু থেকে আক্রমণে ঝড় তুললেও ক্রোয়েশিয়া গোলকিপার ডমিনিক লিভাকোভিচকে হার মানাতে সক্ষম হয়নি। অবশ্য বিরতির ঠিক আগে ক্রোয়েশিয়া রক্ষণ ভেঙে দানিলো গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের খেলায় শুরুর ঝাঁজটা ছিল না। তাতেই ধীরে ধীরে খেলায় ফিরেছিল ক্রোয়েশিয়া। যখন সবাই ধরে নিয়েছেন অরল্যান্ডোর মাঠে ম্যাচটা ব্রাজিলের পক্ষে ১-০ অবস্থায় শেষ হবে , ঠিক তখনই ৮৩ মিনিটে ক্রোয়েশিয়ার লভরো মায়ের গোল করে সমতা ফেরান।
এরপরও ম্যাচে টুইস্ট বাকি ছিল। এক মিনিটে বাদেই এন্ডরিককে বক্সের মাঝে ফাউল করায় ব্রাজিলের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। ৮৫ মিনিটে ইগর থিয়াগো পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি(২-১)। ৯২ মিনিটে গোল করে ব্রাজিলের জয়ের ব্যবধান বাড়ান মার্তিনেলি।
ম্যাচ শেষে ব্রাজিলের চিফ কোচ আনসেলোত্তির প্রতিক্রিয়া, ‘ আমি খুশি দলের জয়ে। উজ্জীবিত, আত্মবিশ্বাসী, ও ধীর স্থির। কারণ আমি মনে করি আমার দলের সংগঠন যথেষ্ট মজবুত আছে। দলগত সংহতি ভা জায়গায় রয়েছে। আমরা ঠিক পথেই এগোচ্ছি। জাতীয় দলে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ, বাড়তি তৃপ্তি দেয়। হারলে একইরকম দুঃখ দেয়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় বিশ্বকাপের প্রস্তুতি পর্বে। ফ্রান্সের বিরুদ্ধে হারের পর বলেছিলাম, আমাদের খেলায় উন্নতি ঘটাতে হবে। সেটা দেখা গেছে ক্রোয়েশিয়া ম্যাচে।’
ব্রাজিলের তারকা ফুটবলার কাশেমিরো বলেন, ‘ সকলেই জানে বিশ্বকাপের রাস্তাটা সহজ নয়। ধাপে ধাপে নিজেদের খেলা পিক ফর্মে নিয়ে যেতে হবে। বিশ্বাস রাখি সেটা আমরা পারব। কারণ দলে অনেক শক্তিশালী ফুটবলার আছে। ব্রাজিলের মানুষের আমাদের ওপর বড় প্রত্যাশা রয়েছে। ওরা মনে করে আমরা ঘরে ফিরব বিশ্বকাপ জিতে।’ ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে ও গোল করে উচ্ছ্বাসে ভাসছেন থিয়োগো। তাঁর প্রতিক্রিয়া, ‘ ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। কোচকে কৃতজ্ঞতা জানাব আমাকে খেলার সুযোগ দেওয়ার জন্য। ব্রাজিলের এই দলে আমার পজিশনে অনেক ভাল ফুটবলার আছে।’
বিশ্বকাপে খেলার আগে জুনে মিশরের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে অংশ নেবে কার্লো আনসেলোত্তির দল। তার আগে বেলজিয়াম ও স্লোভেনিয়ার সঙ্গেও দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
