Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে বিশ্ব জুড়ে দামামা বেজে গেছে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সেই সব দেশগুলো, যাদের আমেরিকা, মেক্সিকো, কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে। তারই অঙ্গ হিসেবে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া, ক্রোয়েশিয়া নিজেদের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে।

১১ জুন ২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু। সেটা মাথায় রেখেই চার ম্যাচের একটি সিরিজে অংশ নেবে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া ও ক্রোয়েশিয়া। দুটি ম্যাচ খেলা হবে অরল্যান্ডোয়, একটি ওয়াশিংটন ডিসিতে, আর ব্রাজিল ও ফ্রান্সের বিরুদ্ধে মার্কি ম্যাচটি হবে ২৬ মার্চ ফক্সবারোয় জিলেট স্টেডিয়ামে। ২৬ মার্চেই অরল্যান্ডোয় কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। ৫দিন বাদে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল অরল্যান্ডোয়। তার আগে ২৯ মার্চ মেরিল্যান্ডে কলম্বিয়ার মোকাবিলা করবে ফ্রান্স। এই ম্যাচগুলির জন্য বিশেষ টিকিটের ব্যবস্থা থাকছে। তা মঙ্গলবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হয়ে যাবে অনলাইন ও অফলাইনের মাধ্যমে।

ক্রাফ্ট স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের দায়িত্বে থাকা চিফ অপারেটিং অফিসার জিম নোলান জানিয়েছেন, ‘‌ জিলেট স্টেডিয়ামের একটা গর্বিত ইতিহাস ও ঐতিহ্য আছে। সেখানে বিশ্বের দুই সেরা ফুটবল শক্তি ফিফা ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে। এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার। গোটা বিশ্বের নজর থাকবে ওই ম্যাচে, সেটা যতই ফ্রেন্ডলি হোক। এই স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ৭টি ম্যাচ হবে। যার মধ্যে একটি কোয়ার্টারফাইনালও আছে। তাই ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ইন্টারন্যাশানাল ফ্রেন্ডলি ম্যাচটা আমাদের কাছে মহড়া বিশেষ।’‌

এই জিলেট স্টেডিয়ামে ২৬ জুন ফ্রান্স দল বিশ্বকাপে নরওয়ের মুখোমুখি হবে। এতে ফ্রান্স দলের জিলেট স্টেডিয়ামের মাঠ ও পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। ব্রাজিলের বিশ্বকাপের একটি ম্যাচ আছে ফক্সবারোতে, এই জিলেট স্টেডিয়ামে। বাকি ম্যাচ খেলবে তারা নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, মিয়ামিতে।

ব্রাজিল ৫ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বর্তমানে ফিফা ক্রমতালিকায় তাদের স্থান ৫ নম্বর। ব্রাজিল দলটা এখনও ঠিক গোছালো নয়। বিশেষ করে নেইমার জুনিয়র বা ভিনিসিয়াস জুনিয়র পুরোপুরি ফিট হয়ে শেষপর্যন্ত বিশ্বকাপের দলে ঠাঁই পাবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ব্রাজিলের চিফ কোচ কার্লোস আনসেলোত্তি বলেই দিয়েছেন, এই দুই ফুটবলার ফিট না হলে, তিনি বিকল্প নাম ভেবে রেখেছেন। অন্যদিকে, ২০১৮ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ও ২০২২য়ের রানার্স ফ্রান্স কিলিয়েন এমবাপেকে সামনে রেখে ২০২৬য়ে ট্রফি জেতার লক্ষ্যে ঝাঁপাতে তৈরি। দল আরও শক্তিশালী হয়েছে, নতুন ফুটবল প্রতিভা যোগ দেওয়ায়।

ব্রাজিল ও ফ্রান্স এর আগে মুখোমুখি হয়েছে ১৮বার। এর মধ্যে ফ্রান্সের জয়ের পাল্লা ভারি। জিতেছে ৭ ম্যাচে, ব্রাজিলের জয় সেখানে ৫ ম্যাচে। ড্র হয়েছে ৬টি ম্যাচ। ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর লড়াই হয়েছে ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালে। ঘরের মাঠে একতরফা খেলে ব্রাজিলকে ৩-‌০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল জিদানের ফ্রান্স। এরপর ব্রাজিল ও ফ্রান্স নিজেদের মধ্যে মুখোমুখি হয়েছে প্যারিসে ২০২৪য়ে। এই ম্যাচে ফ্রান্স জয়ী হয় ২-‌১ গোলে। ‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *