Cart Total Items (0)

Cart

All Sports India

স্পেন ০                                     কেপ ভার্দে ০

মুনাল চট্টোপাধ্যায়ঃ প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেই ইতিহাস গড়লো ক্ষুদ্র জনসংখ্যার ও ফুটবল খেলার দিক থেকে অনামী দেশ কেপ ভার্দে। ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে লড়ে সম্মানজনক গোলশূণ্য ড্র করে গ্রুপ লিগের প্রথম ম্যাচে মূল্যবান এক পয়েন্ট তুলে নিল তারা। আর তার জন্য স্পেনের গোল করার অক্ষমতার কথা যেমন বলতেই হবে, তেমন প্রশংসা করতে হবে কেপ ভার্দের ফুটবলার ও বিশেষ করে তাদের গোলকিপার ভোজিনহার অসাধারন পারফরমেন্সের। ফিফা ক্রমতালিকায় ৬৭ নম্বরে থাকা কেপ ভার্দের কাছে আটকে গিয়ে পয়েন্ট খুইয়ে ২ নম্বরে থাকা স্পেন দলের কোচ ও শিবিরকে ভাবতে হবে, কী করলে জয়ের রাস্তায় ফিরতে পারবেন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।

আটলান্টার মাঠে ফিফা ২০২৬ বিশ্বকাপে স্পেন ও কেপ ভার্দের প্রথমার্ধের লড়াইয়ে ২০২৪ ইওরো কাপ বিজয়ী স্পেনের প্রশ্নাতীত প্রাধান্য থাকলেও, লা রোজার ফুটবলাররা গোল পাননি। আর তার জন্য কৃতিত্ব প্রাপ্য এবারই বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নামা আফ্রিকার দল কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহার। তিনি একা কুম্ভ রক্ষা করে বুঁদিগড়ের মতো নিজের বিশ্বস্ত দুটি হাত দিয়ে স্পেনের একের পর এক গোলের প্রচেষ্টা রুখে গেছেন প্রথম ৪৫ মিনিট। এককথায় প্রথমার্ধের খেলাতেই শুধু নয়, দ্বিতীয়ার্ধেও গোলের নীচে মূর্তিমান ভরসা হিসেবে দাঁড়িয়ে থেকে সতীর্থ ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি। এই কারণে ৫লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দের বর্ষীয়ান গোলকিপার ভোজিনহাই ম্যাচের নায়ক অবিশ্বাস্য একাধিক সেভের কারণে।

স্পেন কোচ দে লা ফুয়েন্তে তাঁর পছন্দের ৪-‌৩-‌৩ ছকে প্রথম একাদশে রাখেননি নবীন তারকা লামিনে ইয়ামাল ও উইলিয়ামসকে। হ্যামস্ট্রিংয়ের কারণে ইয়ামাল দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন। এখন ফিট হলেও সম্ভবত এই কারণে শুরু থেকেই তাঁকে ব্যবহার করার ঝুঁকি নিতে চাননি ফুয়েন্তে। দল আটকে গেলে, বা গোল না পেলে, তাঁকে পরের দিকে নামানোর পরিকল্পনা মাথায় থাকাটাই স্বাভাবিক। সেটা ম্যাচের গতিপ্রকৃতি কোন দিকে গড়ায়, তার ওপর নির্ভর করে। মনে হয়েছিল দ্বিতীয়ার্ধে ইয়ামালকে মাঠে নামতে দেখতে যেতেই পারে। সেটাই ঘটে। ৭০ মিনিটে গাভির পরিবর্ত হিসেবে মাঠে নামেন ইয়ামাল।

তবে ইয়ামাল ও উইলিয়ামস প্রথম একাদশে না থাকায় উইং দিয়ে আক্রমণ তুলে আনার ক্ষেত্রে শুরুতে একটা ঘাটতি ছিল স্পেনের খেলায়। কিন্তু ম্যাচের সময় যত গড়িয়েছে,রড্রি, পেড্রি, টোরেস, ওয়ারজাবাল, এমনকি মাঝমাঠে রুইয়ের পাশে গাভি স্পেন আক্রমণ তুলে আনেন চমৎকার বোঝাপড়ায়।

কিন্তু ৫-‌৪-‌১ ছকের অতিরক্ষণাত্মক ছক সাজিয়ে কেপ ভার্দে কোচ বুবিসতা স্পেন ফুটবলারদের বক্সের আশেপাশে ফাঁকা জায়গা সেভাবে দেননি। কেপ ভার্দের ডিফেন্ডারদের নাছোড়বান্দা মনোভাবের কারণে স্পেন ফুটবলাররা প্রথম ১৫ মিনিটে নিজেদের মধ্যে ১৫০ পাস খেলে প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডে পৌঁছেও গোলের মুখে খুলতে পারেননি ২৮ মিনিট পর্যন্ত। ২৯ মিনিটে গোল করার একটা হাফ চান্স এসেছিল স্পেনের সামনে। কুকুরেলার ব্যাক পাস গাভির পায়ে এলে, তিনি জোরালো শট নিয়েছিলেন গোল লক্ষ্য করে। সেই শট কেপ ভার্দে ডিফেন্ডারের গায়ে লেগে ফিরলে, আলগা বলে কুকুরেলার শট ক্রশপিসের ওপর দিয়ে উড়ে চলে যায়।

খেলাটা এরপর অনেকটাই ধরে স্পেন। সুযোগও আসে। টোরেসের একটা আচমকা নেওয়া শটে গোল আসতে পারত। কিন্তু কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা জায়গামতো থেকে তা ধরে ফেলেন। ৪০ মিনিটে স্পেনের নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় ক্রশপিসের বাধা ও কেপ ভার্দে গোলকিপার ভোজিনহার হার না মানা মনোভাবের কারণে। কুকুরেলার হেডে উড়ে আসা বল বক্সের মাঝে পেয়ে টোরেস জোরালো শট নিলে, তা ক্রশপিসে লেগে প্রতিহত হয়। আলগা বল চলে এসেছিল ওয়ারজাবালের পায়ে। তাঁর শট গোলে ঢোকার মুখে দুরন্ত তৎপরতায় ফিস্ট করে ক্রশপিসের ওপর দিয়ে বের করে দেন গোলকিপার ভোজিনহা।

দ্বিতীয়ার্ধে স্পেন আক্রমণের ঝাঁজ বাড়ালেও কেপ ভার্দের জমাট রক্ষণ ভেঙে গোল পায়নি। হার মানাতে পারেনি তাদের গোলকিপার ভোজিনহাকে। তাতেই স্পেন কোচ ফুয়েন্তে গাভির বদলি হিসেবে নামান ইয়ামালকে। তিনি মাঠে আসার পর স্পেন আক্রমণের চাপ আরও বাড়ে। ৮৭ মিনিটে ওলমোর বাড়ানো মাইনাস বক্সের মাঠে সুবিধাজনক অবস্থায় পেয়েও ওয়ারজাবাল শটটা গোলে রাখতে ব্যর্থ হন। তাড়াহুড়ো করে মারতে গিয়ে ক্রশপিসের ওপর দিয়ে উড়িয়ে দেন। উল্টে প্রতিআক্রমণ হেনে প্রায় গোল পেয়ে যাচ্ছিল কেপ ভার্দে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। গোল লক্ষ্য করে নেওয়া পিনার শট স্পেন ডিফেন্ডারের গায়ে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় কেপ ভার্দে। সেই কর্নারে ভেসে আসা বলে বর্জেসের হেড অনবদ্য দক্ষতায় স্পেন গোলকিপার উনাই সিমোনে ধরে না ফেললে, শুধু কৃতিত্বের ড্র নয়, ম্যাচ জিতেই মাঠ ছাড়ত কেপ ভার্দে চলতি বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়ে। তবে বলতেই হয়, কেপ ভার্দের জন্য বিশ্বকাপের অভিষেক ম্যাচে এই ড্রয়ের ফল নিয়ে যতটা প্রশংসা করাই হোক, সেটা কম হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *