Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বিশ্বকাপের অভিষেকেই বড় প্রাপ্তি কেপ ভার্দের। হিউস্টনে সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে গোলশূণ্য ড্র করে রাউন্ড অফ ৩২য়ে জায়গা করে নিয়েছে তারা। আর এই পর্বে নকআউটের প্রথম লড়াইয়ে ৩ জুলাই মিয়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের প্রতিপক্ষ দুরন্ত ছন্দে থাকা মেসির আর্জেন্টিনা। উরুগুয়ের বিরুদ্ধে গ্রুপের অন্য ম্যাচে স্পেনের ১-‌০ গোলে জয় নকআউটে যাওয়ার রাস্তা তৈরি করে দেয় কেপ ভার্দেকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হয়ে। গ্রুপের তিনটি ম্যাচ অপরাজিত থেকে মাত্র সাড়ে ৫ লাখ মানুষের বাস কেপ ভার্দের নকআউটে যাওয়াটা যখন রূপকথার চেয়ে কিছু কম নয়, তখন মাত্র ২ পয়েন্ট পেয়ে উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপ পর্বের বাধা টপকাতে না পারাটা কিছুটা হলেও দুঃখের। কী করা যাবে বিশ্বকাপের মঞ্চটা এমনই। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে খেলা শেষ শেষ করে গ্রুপ শীর্ষে থেকে স্পেনের রাউন্ড অফ ৩২ য়ে সম্ভাব্য প্রতিপক্ষ জে গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল। আলজিরিয়া ও অস্ট্রিয়ার মধ্যে একজন।

স্পেনকে প্রথম ম্যাচে রুখে দিয়ে চমক দেখিয়েছিল কেপ ভার্দে। গোলের নীচে একা কুম্ভের মতো দলের দুর্গ সামলেছিলেন গোলকিপার ভোজিনহা। সেটাই গোটা দলকে আত্মবিশ্বাস জুগিয়েছিল। প্রথম ম্যাচে ছেলের খেলা ঘরে বসে টিভিতেই দেখতে হয়েছিল ভোজিনহার মাকে। দ্বিতীয় ম্যাচে অবশ্য একজনের সহায়তায় ভিসার টাকা ও অনুমতি জোগাড় করে আমেরিকা পৌঁছে যান তিনি। মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে অসাধ্যসাধন যে করা যায়, তা করে দেখালেন ভোজিনহা ও তাঁর সতীর্থরা।

সৌদি আরবের বিরুদ্ধে পয়েন্ট পেতে মরিয়া ছিলেন কেপ ভার্দে কোচ বুবিসতা। তবে তিনি গোটা দলের অর্ধেক বদল ঘটিয়েছিলেন খেলায় তরতাজা ভাব আনতে। শুধুমাত্র ৪০ বছর বয়সী ভোজিনহাকে তিনি বদল করার পথে হাঁটেননি। স্পেনের সঙ্গে গোলশূণ্য ড্র, উরুগুয়ে বিরুদ্ধে ম্যাচ ২-‌২ রাখার ক্ষেত্রে ভোজিনহা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, একইরকম দক্ষতা তুলে ধরে সৌদি আরবকে রুখে দেন তিনি। আর তাতেই নকআউটে যাওয়ার স্বপ্নপূরণ কেপ ভার্দের। ৩ জুলাই মিয়ামির মেসির চেনা মাঠে আর্জেন্টিনার সঙ্গে কোপ ভার্দের লড়াইটা ডেভিড ও গোলিয়াথেরল মতো। মেসি ও তাঁর দল যে ছন্দে আছে, তাতে আর্জেন্টিনাকে রোখা মুশকিল। কেপ ভার্দের সেরা ভরসা ভোজিনহা কতক্ষণ মেসিকে গোল পাওয়া থেকে ঠেকিয়ে রাখতে পারেন, সেটাই এখন দেখার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *