অলস্পোর্ট ডেস্ক: ইঙ্গিতটা আগেই ছিল, সেটাই সত্যি হল। আইএসএলের দেওয়া আগের সূচীতে যুবভারতীতে অনুষ্ঠেয় মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে মেগা ডার্বির দিন ছিল ৩ মে। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন ও তার ফল ঘোষণার দিন ধার্য করেছেন নির্বাচন কমিশন ৪ মে, তাই বোঝাই গিয়েছিল ৩ মে ডার্বি কোনমতেই হওয়া সম্ভব নয়। আইনশৃঙ্খলার প্রশ্নে পুলিশ প্রশাসনের অনুমতি মিলত না। মেলেওনি। তাই ভোটের উত্তাপ মিটলে আইএসএল মেগা ডার্বি আয়োজনের পথে হাঁটল ফেডারেশন। পরিবর্তিত সূচীতে মেগা ডার্বির নতুন দিন ঘোষিত হয়েছে ১৭ মে। ম্যাচ হবে যুবভারতীতেই , সন্ধে সাড়ে সাতটায়। ওইদিনই বিকেল ৫টায় দিল্লির মাঠে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হবে ইন্টার কাশী।
রাজ্যের নির্বাচনের কারণে আরও বেশি কিছু ম্যাচের দিনে বদল ঘটেছে। ২৪ এপ্রিল যুবভারতীতে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসির মধ্যে ছিল। সেই ম্যাচটি এখন পরিবর্তিত সূচীতে হবে যুবভারতীতেই সন্ধে সাড়ে ৭টায়, ১১ মে। মোহনবাগান-ইন্টার কাশী ম্যাচ ১২ মে। তাতে কোনও বদল নেই।
ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ ছিল যুবভারতীতে ২৮ এপ্রিল , সন্ধে সাড়ে ৭টায় যুবভারতীতে। ওই ম্যাচের দিন বা সময় না বদলালেও নির্বাচনের কারণে ম্যাচের স্থান বদল গেল। ইস্টবেঙ্গলকে এখন ওই ম্যাচ খেলতে হবে ২৮ এপ্রিল গোয়ার মারগাঁয়ের ফতোরদা স্টেডিয়ামে। অর্থাৎ ইস্টবেঙ্গলের হোম অ্যাডভান্টেজ অনেকটাই নষ্ট হল।
ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচের সূচীতে বদল হয়েছে। লাল হলুদের মুম্বই ফুটবল এরিনায় মুম্বই সিটির মুখোমুখি হওয়ার কথা ছিল ৮ মে, সন্ধে সাড়ে ৭টায়। সেই ম্যাচটা পরিবর্তিত সূচীতে এগিয়ে ৫ মে করা হয়েছে মাঠ ও সময় এক রেখে।
বদলে গেছে মহমেডান স্পোর্টিং ও মুম্বই সিটির ম্যাচের দিন ও সময়। আগে ছিল ৩ মে, বিকেল ৫টা। এখন ওই ম্যাচ হবে ১৫ মে, সন্ধে সাড়ে ৭টায়, কিশোরভারতী ক্রীড়াঙ্গনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
