অলস্পোর্ট ডেস্ক: পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্তদের জন্য সুখবর। পর্তুগাল জাতীয় দলের চিফ কোচ রবার্তো মার্টিনেজের জন্যও। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী রোনাল্ডো মাদ্রিদের রিহ্যাব শেষে ফিট হয়ে সৌদি প্রোলিগে তাঁর নিজের ক্লাব আল নাসরে ফিরেছেন। আর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। ক্লাব জিম ও মাঠে কোচ জর্জ জেসুসের সঙ্গে কথোপকথন ও হাসি ঠাট্টার ছবি পোস্ট করে আল নাসর রোনাল্ডোর অনুশীলনে ফেরার খবর তুলে ধরেছে।
মঙ্গলবার থেকে আল নাসরের অন্য ফুটবলারদের সঙ্গে কোনওরম বিধিনিষেধ ছাড়াই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রোনাল্ডো। এতে সৌদি প্রো লিগে আল নাজমার বিরুদ্ধে বিরুদ্ধে আল নাসরের হয়ে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কোচ জর্জ জেসুস, দলের সাপোর্টিং স্টাফ, চিকিৎসক, ফিজিওর ওপর নির্ভর করছে, তাঁরা রোনাল্ডোকে ওই ম্যাচে মাঠে নামাবেন, নাকি আর একটু অপেক্ষা করবেন, তারকা ফুটবলারের সম্পূর্ণ ফিট হওয়ার জন্য। তবে রোনাল্ডোর খেলা ঘিরে একটা ইতিবাচক বাতাবরণ তৈরি রয়েছে।
আল নাসরের হয়ে সৌদি প্রোলিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে চোট নিয়ে বসে থাকার পাত্র ছিলেন না তিনি। ফিফা ২০২৬ বিশ্বকাপে দেশের জার্সিতে ষষ্ঠবার বিশ্বকাপে খেলার নজির গড়ার সুযোগ যাতে হাতছাড়া না হয়, তার জন্য চোটের চিকিৎসা করতে সৌদি ছেড়ে মাদ্রিদে পৌঁছে গিয়েছিলেন রোনাল্ডো। আর সেখানেই চলছিল রোনাল্ডোর চোট সারানোর কাজ ও মাঠে ফেরার উদ্যোগ।
রোনাল্ডোর পেশির চোট ধরা পড়েছিল। সেইমতো চিকিৎসা চলেছে। পরিকল্পনা ছিল ২ সপ্তাহের মধ্যে চোট সারিয়ে রোনাল্ডোকে মাঠে ফেরানোর। তবে একইসঙ্গে তাড়াহুড়ো করে মাঠে ফেরাতে গিয়ে আবার চোট যাতে না বাড়ে, সেটাও খেয়াল রাখা হয়েছিল। বিশেষ করে লক্ষ্য যেখানে রোনাল্ডো বিশ্বকাপে খেলা জরুরি পর্তুগালের জার্সিতে। ভাবা হয়েছিল, মার্চের শেষে রোনাল্ডো বল পায়ে খেলা শুরু করে দেবেন। সেটা না হলেও, আল নাসর অনুশীলনে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোনাল্ডো। অনুশীলন শুরুও করেছেন। তবে ঠিক কবে থেকে ম্যাচ খেলবেন, সেটা পরিষ্কার করে কিছু বলেনি আল নাসর টিম ম্যানেজমেন্ট বা কোচ জর্জ জেসুস।
সৌদি প্রোলিগে আল ফাইহার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় কোনরকম ঝুঁকি না নিয়ে বসে যান। ওই ম্যাচে তাঁর পারফরমেন্স ভাল ছিল না। ম্যাচটা গোলশূণ্য থাকার সময় আল নাসর পেনাল্টি পেয়েছিল। কিন্তু রোনাল্ডো পেনাল্টি মিস করে আল নাসরকে এগিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করেন। চোট পেয়ে উঠে যাওয়ার সময় রোনাল্ডোর চোখে মুখে যন্ত্রণার ছাপ পরিষ্কার ধরা পড়েছিল। পরে রিজার্ভ বেঞ্চে হ্যামস্ট্রিংয়ে বরফ বেঁধে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে।
হ্যামস্ট্রিংয়ের চোট বুঝেই রোনাল্ডো আর সময় নষ্ট করেননি। তিনি প্রাইভেট জেটে সৌদি ছেড়ে মাদ্রিদ চলে যান। অনেকে ভেবেছিলেন আরব দুনিয়ায় য়ুদ্ধের কারণে নিরাপত্তার খাতিরে রোনাল্ডো সৌদি ছেড়েছেন। কিন্তু সেটা আসল কারণ নয়। রোনাল্ডো মাদ্রিদ উড়ে যান চোটের চিকিৎসায়। সেটা জানিয়েছিলেন আল নাসরের কোচ জর্জ জেসুস। বলেন, ‘ রোনাল্ডো চোটটা যতটা ভেবেছিলাম, তার থেকে বেশি গুরুতর। অন্য সব ফুটবলারের মতো রোনাল্ডো চোট সারাতেই মাদ্রিদ গেছে। ওখানে ওর ব্যক্তিগত চিকিৎসক ও থেরাপিস্ট আছে। চোট সারিয়ে রোনাল্ডো দ্রুত মাঠে ফিরে আমাদের সাহায্য করবে, এই আশা রাখি।’
রেনাল্ডোর চোট নিয়ে যেমন উদ্বিগ্ন তাঁর ভক্তরা, তেমন কপালে চিন্তার ভাঁজ ছিল পর্তুগাল জাতীয় ফুটবল শিবিরেও। পর্তুগালের চিফ কোচ রবার্তো মার্টিনেজ বলেন, আসন্ন বিশ্বকাপে তাঁর তুরুপের তাস রোনাল্ডো। হাতে তিন মাসেরও কম সময়। রোনাল্ডো ফিট হয়ে যত তাড়াতাড়ি ছন্দে ফেরে, তত মঙ্গল পর্তুগাল জাতীয় দলের জন্য। মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল পর্তুগাল। রোনান্ডোকে দলে রাখার প্রশ্নই ছিল না। ফ্রান্সিসকো ট্রিনকাও ও জোয়াও ফেলিক্সের গোলে ২-০ ফলে জেতে পর্তুগাল। তবু পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ মনে করেন, বিশ্বকাপে ভাল কিছু করতে গেলে আক্রমণে রোনাল্ডোর উপস্থিতি একান্ত কাম্য।
জাতীয় দলে নেতৃত্বে রয়েছেন রোনাল্ডো। ২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলা শুরুর পর থেকে রেকর্ড সংখ্যক ২২৬ ম্যাচ খেলেছেন রোনাল্ডো দেশের জার্সিতে। গোল সংখ্যাও সর্বাধিক ১৪৩। তবে ২০০৬ থেকে টানা ৫ বার বিশ্বকাপে খেললেও ট্রফি জেতার স্বাদ পাননি। সেখানে আর এক কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি বিশ্বকাপ জিতে ফেলেছেন। মেসির সেই কৃতিত্ব স্পর্শ করাটাই এখন রোনাল্ডোর কাছে মস্ত চ্যালেঞ্জ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
