নিজস্ব সংবাদদাতাঃ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিরুদ্ধে ৬-০ গোলে জয় পেল পর্তুগাল। জোড়া গোল করেন সিআরসেভেন। এছাড়াও দলের হয়ে বাকি গোলগুলি করেন জোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়ো, ওতাভিয়ো, সিলভা। অন্য ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে।
বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর রোনাল্ডোকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তিনি যে ফুরিয়ে যায়নি তা আবার প্রমাণিত হল। ৩৮ বছর বয়সেও এখনও ফিটনেসের দিক থেকে টক্কর দিতে পারেন যে কোনও তরুণ ফুটবলারকে। ম্যাচের ৯ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন সিআরসেভেন। ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন ফেলিক্স। তিন মিনিট পর দলের তৃতীয় গোল করেন সিলভা। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে পড়ে লুক্সেমবার্গ।
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন পর্তুগিজ কোচ। এরপর ৭৭ মিনিটে ওতাভিয়া ও ৮৪ মিনিটে গোল করেন রাফায়েল লিয়ো। এই ম্যাচে জোড়া গোল করার পর আন্তর্জাতিক ফুটবলে সিআরসেভেনের গোল দাঁড়াল ১২২টি। এছাড়াও ১৬৭ নম্বরে থাকা মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ইংল্যান্ডের কাছে হেরে ধাক্কা খেলেও মাল্টাকে হারিয়ে ফিরে এল তাঁরা।
