অলস্পোর্ট ডেস্ক: ওড়িশা এফসি শুক্রবার তাদের হিরো সুপার কাপ জয়ী কোচ ক্লিফোর্ড মিরান্ডার বিদায়ের কথা জানিয়ে দিল। তাঁর জায়গায় দলের নতুন সহকারী কোচ হিসেবে জায়গা করে নিলেন ফ্লয়েড পিন্টো।
মিরান্ডা যিনি জোসেপ গোম্বাউয়ের বিদায়ের পর মরসুমের শেষে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব নেন। তিনি কলিঙ্গ ওয়ারিয়র্সকে হিরো সুপার কাপে সাফল্য এনে দেন এবং গোকুলাম কেরালাকে প্লে অফে হারিয়ে এএফসি কাপের যোগ্যতা অর্জন করে দল।
ক্লাব তার বিবৃতিতে জানিয়েছে, ৪০ বছর ক্লিফোর্ড নতুন চ্যালেঞ্জের লক্ষ্যে ক্লাব ছেড়েছেন। সেই বিবৃতিতে লেখা হয়েছে, “আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার এই সুযোগটি নিতে চাই এবং ২০২২-২৩ মরসুমে দলের সামগ্রিক উন্নতি এবং সাফল্যে ক্লিফোর্ডের অপরিসীম অবদানের জন্য তাঁকে স্বীকৃতি দিতে চাই। তার অধিনে, ক্লাব হিরো সুপার কাপে তার প্রথম ট্রফি জিতেছে এবং ইতিহাসে প্রথমবারের মতো এএফসি কাপ গ্রুপ পর্বে জায়গা পাকা করেছে।’’
সেখানে আরও লেখা হয়েছে, ‘‘ক্লাবের তরফে তাঁকে ভাল প্রস্তাব দেওয়া সত্ত্বেও, ক্লিফোর্ড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নতুন চ্যালেঞ্জকে বেছে নিয়েছেন। আমরা সবসময় তার মঙ্গল কামনা করি!”
মিরান্ডা ২০২২-২৩ মরসুমে এফসি গোয়া থেকে সহকারী কোচ হিসাবে ওড়িশায় যোগ দিয়েছিলেন এবং প্রথমবারের মতো হিরো ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নকআউট পর্যায়ে পৌঁছতে ক্লাবকে সহায়তা করেছিলেন। তিনি হিরো সুপার কাপের মুকুট জয়ী প্রথম ভারতীয় প্রধান কোচ হয়েছিলেন ওড়িশার হয়ে। ওড়িশার হয়ে তাঁর সাফল্য মনে রাখার মতো।
ওড়িশা এফসি প্রাক্তন নর্থইস্ট ইউনাইটেড এফসি কোচ ফ্লয়েড পিন্টোকে দলের নতুন সহকারী হিসাবে বেছে নিয়েছে। পিন্টো যিনি হিরো আইএসএল ২০২২-২৩ মরসুমের শেষে হাইল্যান্ডারদের অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছিলেন, একটি হতাশাজনক মরসুমের পরে দলকে তুলে এনেছিলেন এবং হিরো সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন।
৩৬ বছর বয়সী পিন্টো ভারতীয় অনুর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি ইন্ডিয়ান অ্যারোজ দলের সঙ্গে সফলভাবে কাজ করেছেন। তিনি জুনিয়র জাতীয় দলকে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে জয়ের পথ দেখিয়েছিলেন। “সহকারী কোচ হিসেবে, পিন্টোর দক্ষতা নিঃসন্দেহে প্রধান কোচ সার্জিও লোবেরার সঙ্গে, দলের উন্নয়ণ এবং সামগ্রিক সাফল্যের সঙ্গে আসন্ন মরসুমের জন্য দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্লয়েড পিন্টোকে আগামী মরসুমের জন্য পেয়ে আমরা উচ্ছ্বসিত,” ক্লাব এক বিবৃতিতে বলেছে।
(ছবি আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
