ছবি: এআইএফএফ
অলস্পোর্ট ডেস্ক: আগেই একবার লিখেছিলাম চোর পালালে কিছু মানুষের বুদ্ধি বাড়ে। এক্ষেত্রে সেটা খাটে ভারতীয় ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকা কর্তাদের জন্য। ক্রিসপিন ছেত্রীকে চিফ কোচের পদ থেকে সরিয়ে এএফসি মহিলা এশিয়ান কাপের দেড়মাস আগে আমেলিয়া ভালভার্দেকে কোচ করেছিলেন তাঁরা। তার ফল হয়েছে অত্যন্ত শোচনীয়। এএফসি মহিলা এশিয়ান কাপের মূল পর্বে তুলে মনীষা কল্যান, সঙ্গীতা বাসফোর, ডাঙ্গমাই গ্রেসদের ২০২৭ মহিলা বিশ্বকাপ ও ২০২৮ এলএ অলিম্পিক্স খেলার একটা স্বপ্ন দেখিয়েছিলেন ক্রিসপিন। আমেলিয়া কোচিংয়ে সেই স্বপ্নের সত্যনাশ হয়েছে।
সব যখন শেষ, তখন টনক নড়ল ফেডারেশন কর্তাদের। বুঝলেন, এশিয়ান কাপের ঠিক আগে আমেলিয়াকে দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। সুতরাং আর বিদেশি কোচ নয়, আবার ভারতীয় সিনিয়র দলের জন্য দেশি কোচই দরকার। শেষপর্যন্ত টেকনিকাল কমিটির সুপারিশে ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের কোচের ভূমিকায় আবার ফিরলেন ক্রিসপিন ছেত্রী। দায়িত্ব নিয়েই ২২ সদস্যের নবীন ও অভিজ্ঞ ফুটবলারের দল নিয়ে তিনি পৌঁছে গেছেন নাইরোবিতে। তবে এই দলে মনীষা, সঙ্গীতা, গ্রেসদের মতো সিনিয়রদের অনেকেই নেই। বলতে গেলে এই দলে নবীন ফুটবলারের সংখ্যা বেশি। মূলত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে ও নতুন করে সিনিয়র দলকে গুছিয়ে নিতে ক্রিসপিন এঁদের নিয়ে নাইরোবি গেছেন। সহকারী কোচ হিসেবে ক্রিসপিনের সঙ্গে বাংলার সুজাতা কর। গোলকিপার কোচ ফয়জল কে বাপু।
১১ থেকে ১৫ এপ্রিল কেনিয়া ২০২৬ ফিফা সিরিজের ম্যাচে অংশ নেবে ভারতের মহিলা দল। ১১ এপ্রিল সেমিফাইনালে মুখোমুখি হবে আয়োজক কেনিয়ার বিরুদ্ধে। ওই একইদিনে অস্ট্রেলিয়া মহিলা দল মুখোমুখি হবে মালাউইয়ের। ফাইনাল ও তৃতীয়-চতুর্থ স্থান নির্ণয়ের ম্যাচ ১৫ এপ্রিল। সব খেলা হবে নাইরোবির নাইও ন্যাশানাল স্টেডিয়ামে।
কেনিয়া ফিফা সিরিজ ২০২৬য়ের ভারতীয় মহিলা দলে রয়েছেন অদ্রিজা সরখেল, লিনথোইগাম্বি দেবী, শ্রেয়া হুডা(গোলকিপার), অস্টম ওরাঁও, জুলি কিষাণ, মার্টিনা থকচম, নির্মলা দেবী, পুর্নিমা কুমারী, সরিতা ইয়ুমনাম(ডিফেন্ডার), আভেকা সিং, বাবিনা দেবী, জসোদা মুন্ডা, প্রিয়দর্শিনী সেলাদুরাই, প্রিয়াঙ্কা দেবী, সনফিদা ননগ্রাম, সিল্কি দেবী(মিডফিল্ডার), করিশ্মা শিরভোকার, কাবিয়া পাকিরিস্বামী, লিন্ডা কম, মালবিকা পি, প্যারি শাকা, রিম্পা হালদার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
