অলস্পোর্ট ডেস্ক: ডার্বি-র টিকিট নিয়ে ডামাডোল, ক্ষোভ, বিক্ষোভ চলছেই। ১২ অগস্ট ডুরান্ডে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ম্যাচ দিয়ে মরসুমের প্রথম ডার্বি খেলতে নামছে দুই দল। তার আগে বাধ সেধেছে ডুরান্ড কমিটির নিয়ম। জানিয়ে দেওয়া হয়েছে অনলাইনে কোন টিকিট পাওয়া যাবে না। যার উপর ভরসা করে বসেছিলেন দুই ক্লাবের ভক্তরা। তবে এখন যা নিয়ম তাতে সবাইকে টিকিট কিনতে হবে অফলাইনে। কিন্তু কোথা থেকে টিকিট পাওয়া যাবে তা নিয়ে দীর্ঘ ধোয়াঁশা ছিল। যে কারণে এদিন সকাল থেকে দুই ক্লাবের বাইরে সমর্থকদের বড় লাইন পড়ে যায়।
টিকিট নিয়ে ডামাডোল কাটাতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে আলোচনায় বসেছিলেন দুই প্রধান, আইএফএ ও ডুরান্ড কমিটির কর্তারা। কিন্তু বহু আলোচনার পরেও নিস্ফলা বৈঠক। ছয় হাজার টিকিটের দাবি করেছিল ইস্টবেঙ্গল। তা দিতে রাজি ডুরান্ড কর্তৃপক্ষ। কিন্তু অবিক্রিত টিকিটের দায়ভার নেবে না ডুরান্ড কমিটি । অর্থাৎ ক্লাবগুলোকে টিকিট কিনে নিতে হবে। ২০০টি ভিভিআইপি টিকিটের দাবি করেছিল লাল-হলুদ কর্তারা। কিন্তু মাত্র ৩৫টি টিকিট দিতে রাজি হয়েছে কর্তৃপক্ষ। ফলে রেগে গিয়ে লাল-হলুদ কর্তারা মিটিং ছেড়ে বেরিয়ে যান।
এমনকি লাল-হলুদ কর্তারা সিদ্ধান্ত নেন, কোনওভাবেই তাঁরা মাঠে যাবেন না। কারণ এত অল্প টিকিটে কাউকে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু মোহনবাগানের এ সব কোনও সমস্যা নেই। বৈঠক ছেড়ে বেরিয়েও আসেনি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। মাঠে না যাওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠে আসছে ইস্টবেঙ্গলের সমস্যা ঠিক কোথায়? টিকিটের দাম ১০০ ও ২০০ টাকা করা হয়েছে। টিকিটের দাম নিয়ে অবশ্য অভিযোগ নেই কোনও দলেরই।
কিন্তু, সমস্যা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিট নিয়ে। জানা গিয়েছে, বুধবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডার্বির টিকিট বিক্রি করা শুরু হবে। অনলাইনে কোনও টিকিট বিক্রি করা হবে না। যা টিকিট সব অফলাইনেই বিক্রি করা হবে। শুধুমাত্র সি-২ ব্লকের জন্য টিকিটের দাম ২০০ টাকা করে ধার্য্য করা হয়েছে। এছাড়া বাকি সব ব্লকের টিকিটের দাম ১০০ টাকা।
ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডুরান্ড কর্তারা ক্লাবের হাতে টিকিট ছাড়লেও, সেটা যে সম্পূর্ণ বিক্রি করা হবে, সেই ব্যাপারে আলাদা করে গ্যারান্টি চেয়েছেন। এই অবস্থায় লাল-হলুদ কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা এই ম্যাচ দেখতে আর স্টেডিয়ামে যাবেন না। আয়োজকদের তরফে জানানো হয়েছে ৬০ ঘণ্টা আগে টিকিট সংগ্রহ করতে হবে।
দলগুলিকে দেওয়া ডার্বির টিকিটের তালিকা নিচে দেওয়া হল-
মোহনবাগান: ৫০০০ (জেনারেল টিকিট), ১৫০ (প্লাজা Q+R), ৫০ (ফ্রি সিট), ১৫ (বক্স), ৪ (ভিভিআইপি কার পার্ক), ১৫(আইওসি কার পার্ক)।
ইস্টবেঙ্গল: ৫০০০ (জেনারেল টিকিট), ১৫০ (প্লাজা Q+R), ৫০(ফ্রি সিট), ১৫ (বক্স), ৪ (ভিভিআইপি কার পার্ক), ১৫ (আইওসি কার পার্ক)।
মহমেডান স্পোর্টিং: ২৫০ (জেনারেল টিকিট), ৩ (ভিভিআইপি কার পার্ক), ৫ (আইওসি কার পার্ক)।
আইএফএ: ১২০০ (জেনারেল টিকিট), ১০০ (প্লাজা Q+R), ২০ (ফ্রি সিট), ৫ (বক্স), ৩ (ভিভিআইপি কার পার্ক), ১০ (আইওসি কার পার্ক)।
নিয়মসূচি: ১) ম্যাচ শুরুর ৬০ ঘন্টা আগে ক্লাবগুলিকে টিকিট সংগ্রহ করতে হবে। ২) ডার্বির (১২ অগস্ট,২০২৩) জন্য মোট টিকিট বিক্রি করা হবে ৩০ হাজার। ইস্টবেঙ্গল ও মোহনবাগান মাঠ থেকে ১৫ হাজার করে টিকিট বিক্রি হবে। ১১ অগস্ট, ২০২৩ সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬টা এবং ১২ অগস্ট, ২০২৩ সকাল ১১টা থেকে দুপুর ১টা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
