অলস্পোর্ট ডেস্ক: পিএসজি ছেড়ে মেসি যোগ দিতে চলেছেন ইন্টার মিয়ামিতে। ডেভিড বেকহ্যাম, থিয়েরি অঁরি, আন্দ্রে পির্লো তাবড় তাবড় কিংবদন্তি খেলোয়াড়রা আগে থেকেই এই ক্লাবের সঙ্গে যু্ক্ত হয়েছেন। তবুও মেসির এমএলএসে স্থানান্তর কার্যত নজিরবিহীন। ইন্টার মিয়ামি প্রস্তুত হচ্ছে মেসিকে বরণ করার জন্য। এরমধ্যেই ক্লাবের সহমালিক ডেভিড বেকহ্যামকে দেখা গেল মেসির বিশাল মুরালের দাঁতে সাদা রং করতে।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন বেকহ্যাম পত্নী ভিক্টোরিয়া স্বয়ং। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘এমন কোনও কাজ নেই যা ডেভিড করতে পারেন না। মাত্র কয়েকদিন হল আমরা শহরে এসেছি। এখানে এসেই ডেভিড কাজ শুরু করে দিয়েছে। রং করার জন্য ক্রেনেও উঠেছে। যে ব্যক্তি মেসির দাঁতে রং করছেন সেটাই ডেভিড। আমি অভিভূত।’’
ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। মিয়ামিতে তাঁর প্রাক্তন বার্সেলোনা সতীর্থ এবং প্রাক্তন স্পেনের আর্ন্তজাতিক মিডফিল্ডার সার্জিও বুসকেটস যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মিয়ামি সম্প্রতি প্রাক্তন আর্জেন্টিনা কোচ জেরার্ডো ‘‘টাটা’’ মার্টিনোর হাতে দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দিয়েছে।
২১ জুলাই লিগ কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ অ্যাজেলের বিরুদ্ধে মাঠে নামবেন মেসি। টুর্নামেন্টটি এমএলএস-এর শীর্ষ ক্লাব গুলির মধ্যে হতে চলেছে। সাতবার ব্যালন ডি’ওর জয়ী তারকা বলেছিলেন, পিএসজির চুক্তি শেষ হওয়ার পরে তিনি মেজর লিগ সকার ক্লাবে যোগ দিচ্ছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
