Cart Total Items (0)

Cart

All Sports
রতন টাটা

অলস্পোর্ট ডেস্ক: এই বছর ইস্টবেঙ্গলের ‘ভারত গৌরব’ সম্মান দেওয়া হচ্ছে শিল্পপতি রতন টাটা-কে। ১ অগস্ট ইস্টবেঙ্গল দিবসে ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাওয়ার জন্য এই সম্মান দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এবার সেই সব দিককে মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে রতন টাটাকে। ইতিমধ্যেই এই ক্লাবের পক্ষ থেকে এই বার্তা গিয়েছে তাঁর কাছে এবং যা খবর তাতে তিনি রাজিও হয়েছেন সেই সম্মান নিতে। তবে তিনি অসুস্থ থাকায় সশরীরে এসে এই সম্মান গ্রহন করতে না পারলেও তাঁর তরফে কেউ এটা গ্রহন করতে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন।

এছাড়া আরও যাঁরা এদিন সম্মান পাচ্ছেন

ব্যোমকেশ বোস মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন গোলরক্ষক শ্রী তরুণ বোস। ডাঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল ‘জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার শ্রী অরূপ ভট্টাচার্য। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে শ্রী অরুনাভ দাসকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল ‘রেফারি’ সম্মানে সম্মানিত করা হবে জনাব মেহবুব হোসেনকে। বনোয়ারীলাল রায় মেমোরিয়াল ‘বছরের সেরা ফুটবলার’ সম্মানে সম্মানিত করা হবে ক্লেইটন সিলভাকে। জীবন চক্রবর্তী মেমোরিয়াল ‘বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের’ সম্মান দেওয়া হবে ফুটবলার মহেশ সিং নাওরেমকে। গোপাল বোস মেমোরিয়াল ‘বছরের সেরা ক্রিকেট খেলোয়াড়’ সম্মান পাচ্ছে অঙ্কুর পালক।

‘আত্মজন স্মৃতি’ সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার প্রয়াত মোনেম মুন্নাকে। সেই সম্মান নিতে আসবেন প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম ও পুত্র আজমান সালিদ। ‘আত্মজন প্রীতি’ সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন খেলোয়াড় বাংলাদেশের শেখ মহম্মদ আসলাম, রুমি রিজভী করিম ও মহম্মদ গোলাম ঘাউসকে। সঙ্গে ‘আত্মজন প্রীতি’ সম্মানে সম্মানিত করা হবে বাংলাদেশের বিশিষ্ট সঙ্গিত শিল্পী মেহরিন মাহমুদ ও বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের প্রাক্তন সভাপতি হারুনুর রশিদকে। অজয় বোস মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মান দেওয়া হচ্ছে শ্রী প্রদীপ রায়কে। পুষ্পেন সরকার মেমোরিয়াল ‘সাংবাদিক’ সম্মান দেওয়া হবে শ্রী অরুন সেনগুপ্তকে।

প্রথাগত রীতি মেনে প্রতিবছরের মতো এবছরও ১ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। ১০৪ বছরে পা দেবে ক্লাব। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতি তুঙ্গে এখন। দেখে নেওয়া যাক কী কী অনুষ্ঠান থাকছে ইস্টবেঙ্গলের তরফে—   

সকাল ১১.৩০— ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন।

বিকেল ৪.০০— ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মান প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সচিব স্বামী সুবীরানন্দজি মহারাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *