ছবি: ইমামি ইস্টবেঙ্গল
মুনাল চট্টোপাধ্যায়: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষমুহূর্তে গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল গত ম্যাচে। এতে যে লাল হলুদ সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হবে বেশ বুঝেছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। তাই ম্যাচ শেষ হওয়ার কিছু সময় বাকি থাকতে তিনি সাজঘরে ফিরে যান। তাতেও অবশ্য ম্যাচ শেষে সমর্থকদের কটুক্তির থেকে রেহাই পাননি ইস্টবেঙ্গল কোচ। সোমবার যুবভারতীতে সামনে শূণ্য পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একবারে নীচে থাকা মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ না জিতলে অস্কারের কপালে আর একদফা সমর্থকদের ধিক্কার যে জুটবে, সেটা বলাই বাহুল্য, একইসঙ্গে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে পড়বে।
কেরালা ব্লাস্টার্স ম্যাচের পর সাতদিন প্রস্তুতির সুযোগ পেয়েছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। কেভিন সিবিলে এখনও ম্যাচ ফিট নন। তাই তিনি নেই। চোটের জন্য লালরেমসাঙ্গাও খেলতে পারবেন না মহমেডান ম্যাচে। অস্কার ও তাঁর ফুটবলাররা অবশ্য কেরল ম্যাচে পয়েন্ট নষ্ট মাথা থেকে সরিয়ে মহমেডান ম্যাচ বড় ব্যবধানে জেতার মানসিকতা নিয়ে তৈরি। অস্কারের আক্রমণের অস্ত্র ভান্ডারে ইউসেফ এজেজারি, মিগুয়েল, এডমুন্ডের মতো ফুটবলার রয়েছেন। বিদেশি অ্যান্টন জোবার্গও আগের তুলনায় অনেকটাই তৈরি সেরা দিতে। মাঝমাঠের মস্ত ভরসা রশিদ। তবে স্টপারে কেভিন সিবিলের অভাবে জিকসনকে ব্যবহার করলেও মহমেডান ম্যাচে ছক ও কৌশল বদলাতে পারেন কোচ অস্কার।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কোচ অস্কার বলেন, ‘ ইন্টারন্যাশানাল ব্রেকের আগে ম্যাচ জেতা জরুরি লিগ টেবিলের ভাল জায়গায়। তবে মহমেডান যতই শূণ্য পয়েন্ট থাকুক, তাদের হাল্কা ভাবে নেওয়া যাবে না। কেরালা ব্লাস্টার্স যখন আমাদের মুখোমুখি হয়েছিল, তখন ওদেরও তো শূণ্য পয়েন্টই ছিল। মহমেডান হারলেও প্রতি ম্যাচেই তুল্যমূল্য লড়ছে। তাই নিজেদের সেরা দিতে হবে ম্যাচ জিততে।’
ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভুসুখল গিলের মতে, দল খারাপ খেলছে না। বরং গতছরের তুলনায় ভাল। এবারের আইএসএল মরশুমটা শুরু করেছিলেন তাঁরা ভালই। কিন্তু মাঝে ছন্দপতন ঘটেছে। তবে তাঁরা দ্রুত ছন্দে ও জয়ে ফিরতে মরিয়া। রক্ষণে সিবিলে যোগ দিলেই দলের চেহারা বদলে যাবে। চলতি আইএসএলে দলগুলোর মধ্যে লড়াই চলছে সমানে সমানে। তাই শেষ ম্যাচ পর্যন্ত বলা মুশকিল কে এগিয়ে থাকবে, আর কে পিছিয়ে পড়বে। সমর্থকদের কাছে অনুরোধ, তাঁরা যেন শেষপর্যন্ত ধৈর্য ধরেন, তাঁদের সমর্থন জানিয়ে যান।
অন্যদিকে, যতই শূণ্য পয়েন্টে থাকুন না কেন মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু হাল ছাড়তে নারাজ। বিদেশিহীন ঘরোয়া ব্রিগেড নিয়ে আইএসএলে অবনমন বাঁচানোর লড়াই শেষ ম্যাচ পর্যন্ত চালিয়ে যেতে চান। শূণ্য পয়েন্টের গাঁট ছাড়িয়ে ১ পয়েন্ট অর্জন করাই প্রথম লক্ষ্য। তাই আপাতত ফোকাস সোমবারের ইস্টবেঙ্গল ম্যাচে। মানতে নারাজ তৃতীয় প্রধানের মর্যাদা হারিয়েছেন। বা ইস্টবেঙ্গল-মহমেডান ম্যাচ আর কেউ ডার্বি মনে করেন না। প্রতি ম্যাচের মতো মেহরাজের মুখে আশার বানী, সম্ভবত নিজের ফুটবলারদের মনোবল অটুট রাখতে, ফুটবলাররা প্রতিপক্ষের শক্তি মাথায় রেখে হীনমন্যতায় ভুগবে না, মাঠে লড়বে পয়েন্ট পেতে। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে, ম্যাচ জেতাও সম্ভব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
