Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ  মোহনবাগান সুপার কাপ থেকে বিদায় নিলেও, ইস্টবেঙ্গলের আশা এখনও জিইয়ে রয়েছে। অঙ্ক অন্তত তাই বলছে। কাগজে-কলমে এখনও সুপার কাপের সেমিফাইনালে উঠতে পারে তারা। আজ আইজল এফসি-কে বড় ব্যবধানে হারাতে পারলেই বাজিমাত করতে পারবে ইস্টবেঙ্গল। আর সেটাই এখন পাখির চোখ লাল-হলুদের।

আইজল এফসি-কে হারালে তিন পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল। অর্থাৎ তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে পাঁচ। রাতে অন্য ম্যাচে হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি-র মধ্যে যদি ড্র হয়, তা হলে তাদের গোল পার্থক্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ, তিন দলই একে অপরের বিরুদ্ধে ড্র করেছে। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি অন্তত চার গোলের ব্যবধানে জিততে পারে, তা হলে তারা শেষ চারে চলে যাবে। তবে রাতের ম্যাচে যদি ফয়সালা হয়, তা হলে লাল-হলুদ ব্রিগেডের আর কোনও আশা থাকবে না। সে ক্ষেত্রে রাতের ম্যাচের জয়ী দল যাবে শেষ চারে। তাই ইস্টবেঙ্গলের লক্ষ্য শুধু বড় ব্যবধানে জয়। বাকিটা অন্য দুই দলের হাতে।

সুপার কাপের প্রথম দুই ম্যাচেই গোল করে এগিয়ে গিয়েও, পরে গোল হজম করে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। দলের আক্রমণ বিভাগ যথেষ্ট সচল থাকলেও রক্ষণের ভুলে বারবার তাদের পয়েন্ট খোয়াতে হচ্ছে। সোমবারের ম্যাচে জিততে গেলে যে তাদের খেলোয়াড়দের কোনও ভুলভ্রান্তি করা চলবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কনস্ট্যান্টাইন। বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের ফোকাসে কোনও সমস্যা নেই। সমস্যা হল তাদের ব্যক্তিগত ভুল। আগের ম্যাচে প্রথম গোলটাতে আমাদের তিন জন খেলোয়াড় পরপর ভুল করে। তারই মাশুল দিতে হয়। ভুল করা চলবে না, অনুশীলনে এটাই বলি আমি। ব্যক্তিগত ভুল করা আর চলবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *