কলকাতায় মার্টিনেজ
অলস্পোর্ট ডেস্ক: তিনি এলেন, দেখলেন, জয় করলেন—এই চিরচেনা কথাটা না বললেই নয়। কলকাতার মাটিতে বিশ্ব ফুটবলের যতবার যেই তারকাই পা রেখেছেন ততবারই শহর জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দলে দলে মানুষ ছুটেছে একঝলক সেই তারকার সামনে থেকে দর্শন পেতে। সে তিনি মারাদোনা হোন বা লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্তিনা দল। কলকাতা ময়দান তো এরও আগে দেখেছে পেলে, রজার মিল্লাকেও। এই শহর জানে বিশ্ব ফুটবলকে দু’বাহু বাড়িয়ে আহ্বান জানাতে। এবার সেই তালিকায় যুক্ত হয়ে গেলেন সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের গোলকিপার এমি মার্টিনেজ ।
সোমবারই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন মার্টিনেজ। মঙ্গলবার সকাল থেকেই ছিল একগুচ্ছ অনুষ্ঠান। বিকেলে তিনি পৌঁছলেন মোহনবাগান ক্লাবে। সেখানে পেলে, মারাদোনা, সোবার্স নামাঙ্কিত গেটের উদ্বোধন করলেন তিনি। তাঁকে ঘিরে যেমন ছিল নিরাপত্তার বলয়, তেমনই ছিল উৎসাহী ফুটবলপ্রেমীদের ভিড়। গেটের উদ্বোধন করে তিনি পৌঁছে গিয়েছিলেন ক্লাবতাবুর ভিতরে। সেখানেই তাঁকে পড়ানো হল সবুজ-মেরুন জার্সি। সেখানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। তাঁদের হাতে মার্টিনেজ তুলে দিলেন সই করা আর্জেন্টিনার জার্সি। অনেকের হাতে মার্টিনেজের হাত দিয়ে তুলে দেওয়া হল আজীবন সদস্য কার্ড।
ক্লাবের নির্বাচিত সদস্যদের সঙ্গে ছবি তুললেন ক্লাব লনে বসে। এরপর গ্যালারি ভর্তি মাঠে ঢুকলেন হুডখোলা জিপে করেই। তিনি মাঠে ঢুকতেই উচ্ছ্বাসের বিস্ফোরণ ঘটল মোহনবাগান মাঠে। মাঠ ঘুরলেন, গ্যালারির দিকে ছুড়ে দিলেন বল। মার্টিনেজের জন্য আয়োজন করা হয়েছিল প্রদর্শনী ম্যাচের। মোহনবাগান অলস্টার বনাম কলকাতা পুলিস অলস্টার। সেই ম্যাচও মঞ্চে বসে দেখলেন এমি। পরিকল্পনা মতোই সোনার মোহনবাগান রত্ন তুলে দেওয়া হল মার্টিনেজকে। সম্বর্ধনা দেওয়া হল কলকাতা পুলিসের পক্ষ থেকেও। মার্টিনেজের গলায়ও শোনা গেল ‘জয় মোহনবাগান’।
সামনে যখন এমি মার্টিনেজ তখন মেসি প্রসঙ্গ যে উঠে আসবে সেটাই স্বাভাবিক। মেসির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘মেসিই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। মেসি একজনই হয়। ভবিষ্যতে আর কেউ হবে না। আমি ভাগ্যবান মেসির সঙ্গে খেলেছি।’’ তাঁর কাছে প্রশ্ন করা হয়েছিল, তিনি মেসির পেনাল্টি সেভ করেছেন কিনা। কারণ তাঁর হাতেই তো বিশ্বকাপের ফাইনালে আটকে গিয়েছিল প্রতিপক্ষ। মার্টিনেজ বলেন, ‘‘অনুশীলনের সময় মেসির পেনাল্টি শটই বাঁচানোর অনুশীলন করি। সেকারণেই হয়তো আমি ভাল পেনাল্টি বাঁচাতে পারি। বিশ্বের সেরা পেনাল্টি শট নেওয়া ফুটবলারের সঙ্গে অনুশীলন করি বলে হয়তো।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
