Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শনিবার কলকাতায় আইএসএল-এর প্রথম ম্যাচ। সেই ম্যাচে পাঞ্জাব এফসি-র বিপক্ষে মাঠে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁর আগেই ফুটবল প্রেমিদের সুখবর শোনাল কলকাতা মেট্রো রেল। আজকের ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু রাত আটটায়, শেষ হতে প্রায় ১০টা। কিন্তু খেলা শেষের পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমর্থকরা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু সমর্থকদের কথা ভেবে শুক্রবার বড় পদক্ষেপ নিয়েছিল ক্লাব কর্তারা।

পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে মোহনবাগান ক্লাবের তরফে চিঠি দেওয়া হয়েছিল যাতে বিভিন্ন রুটে বাড়তি বাস চালানো হয়। এর পাশাপাশি মেট্রো স্টেশন পাশে থাকায় তাঁরা মেট্রো রেল কর্তৃপক্ষকেও অনুরোধ জানায় ১০টার পর অন্তত তিনটি মেট্রো ওই পথে চালানোর জন্য। শনিবার ম্যাচ শুরুর আগে তাঁদের অনুরোধে সাড়া দিয়ে ফুটবল প্রেমিদের সুখবর শোনাল মেট্রো রেল কর্তৃপক্ষ।

এদিন চিফ পাবলিক রিলেশন অফিসার কৌশিক মিত্র বলেন, ‘‘কলকাতার সকল ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আপনারা সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আজকের ফুটবল ম্যাচ নিশ্চিন্তে উপভোগ করতে পারেন। ফুটবল প্রেমীদের ম্যাচের পরে বাড়ি ফেরা নিয়ে আর চিন্তা করতে হবে না কারণ মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ পূর্ব-পশ্চিম মেট্রো করিডোরে (গ্রিন লাইন) নির্ধারিত সময়ের বাইরে বিশেষ মেট্রো পরিষেবা চালাতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্টস এবং পঞ্জাব এফসি-র আজকের (২৩\৯\২০২৩)  ম্যাচের পরে, সল্টলেক স্টেডিয়াম থেকে  শিয়ালদহ স্টেশনের মধ্যে গ্রিন লাইনে এক জোড়া মেট্রো চালানো হবে।

প্রথম ট্রেনটি ছাড়বে সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে রাত ১০টায়। এবং এটি শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে ১০.০৭-এ। দ্বিতীয় বিশেষ ট্রেনটি সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে ১০.১০-এ  ছাড়বে এবং  ১০টা ১৭-তে শিয়ালদহ পৌঁছাবে। যদিও ১০টার ট্রেন কতজন ধরতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ খেলা যত তাড়াতাড়িই শেষ হোক না কেন ৯.৫০-৫৫ তো বাজবেই। তার পর পাঁচ মিনিটের মধ্যে স্টেডিয়াম থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছনো প্রায় অসম্ভব। ১০.১০ তাও ধরতে পারবে কেউ কেউ। এই দু’টি ট্রেন যাত্রীদের সুবিধার্থে ফুলবাগান স্টেশনে থামবে। সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে বুকিং কাউন্টারগুলি যাত্রীদের সুবিধার জন্য খোলা থাকবে।

এদিকে মোহনবাগানের পর একই পথে হাঁটল ইস্টবেঙ্গলও। সোমবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচও শুরু হবে রাত আটটা থেকে। ম্যাচ শেষে একই সমস্যায় পড়বেন ইস্টবেঙ্গল সমর্থকরাও। যে কারণে এদিন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেওয়া হল ক্লাবের পক্ষ থেকে। তাদের সব হোম ম্যাচের সময়ই রাত আটটা। এই পরিস্থিতিতে যুবভারতীয় স্টেডিয়াম থেকে যাতে উল্টোডাঙা, গড়িয়া, বেহালা, বারাসত, শিয়ালদহ, হাওড়ার মতো জায়গার বাস চালানো হয় রাত ১০টার পর কয়েকটি তাতে উপকৃত হবেন সমর্থকরা। ক্লাবের তরফে মেট্রো রেলকেও চিঠি দেওয়া হয়েছে কিনা জানা যায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *