Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ঐতিহাসিক জয় পেল এফসি গোয়া। ঘরে মারগাঁওয়ের ফতোরদায় নেহরু স্টেডিয়ামের মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র প্লেঅফ ম্যাচে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ওমানের ক্লাব দল আল সিবকে ২-‌১ গোলে হারিয়ে। এই জয়ের সুবাদে এফসি গোয়া মোহনবাগান সুপার জায়ান্টের মতোই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র মূল পর্বের গ্রুপ পর্যায়ে খেলার যোগ্যতার্জন করে নিল। শুক্রবারের ড্রতে মোহনবাগান যখন থাকবে, ৩ নম্বর পটে, তখন গোয়া থাকবে ৪ নম্বর পটে। তাই ড্রতে গ্রুপ পর্যায়ে মোহনবাগান আর গোয়ার দেখা হলে আশ্চর্যের কিছু নেই।

মানোলো মারকোয়েজের কোচিংয়ে গোয়া ২৪ মিনিটে ডেজান দ্রাজিচের গোলে এগিয়ে যায়। ৫২ মিনিটে সিভেরিও দ্বিতীয় গোল করে আল সিবকে চাপে ফেলে দেন। মরিয়া হয়ে আক্রমণ শানিয়ে নাসের আল-‌রাওয়াহি ৬০ মিনিটে গোল করে ব্যবধান কমালে গোয়া শিবির কিছুটা চিন্তায় ছিল। কিন্তু সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বে রক্ষণের হার না মানা মনোভাব ও লড়াইয়ের জেরে ম্যাচ জেতে গোয়া।

উল্লেখযোগ্য ব্যাপার হল, ভারতীয় ফুটবল দলের কোচের ভূমিকায় চরম ব্যর্থ হয়েছিলেন মানোলো মারকোয়েজ। আসলে তাঁর মন তো সবসময় পড়ে থাকত এফসি গোয়ার ক্লাব কোচিংয়ে। দু’‌নৌকোয় পা রেখে চলার কারণেই ভারতীয় দলের কোচ হিসেবে দেড় বছরে সাফল্য বলতে একটি মাত্র জয়। তাও সেটা আবার মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেই মানোলো মারকোয়েজ ভারতীয় কোচের দায়িত্ব ছেড়ে গোয়ার কোচের ভূমিকায় ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েন সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে। কারণ তিনি বুঝে গিয়েছিলেন, ভারতীয় দলের কোচ হিসেবে তিনি সফল হতে পারবেন না। বিশেষ করে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ২ ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিতে না পারায়। বরং জানতেন, এফসি গোয়াকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার টু-‌র মূল পর্বের গ্রুপ পর্যায়ে নিয়ে যেতে পারলে, তাঁর নাম বেশি করে ছড়াবে আন্তর্জাতিক ফুটবল বাজারে। সে লক্ষ্যে তিনি সফল। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-‌র খেলায় তাঁর নিজের কোচিং দক্ষতা প্রমাণের পালা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *