অলস্পোর্ট ডেস্ক: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র অভিযান শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট ১৬ সেপ্টেম্বর। ঘরের মাঠে যুবভারতীতে আল আহালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। একই টুর্নামেন্টে অন্য গ্রুপে ১৭ সেপ্টেম্বর এফসি গোয়ার প্রতিপক্ষ আল জাওরা। নিজেরা এই লড়াইয়ের জন্য কতটা তৈরি তা বুঝে নিতে কলকাতায় মোহনবাগান এসজির সঙ্গে ৯ সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এফসি গোয়া।
ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পর আর কোনও ম্যাচ খেলেনি মোহনবাগান। দলের পারফরমেন্সে খুশি ছিলেন না সবুজ মেরুনের হেডস্যার হোসে মোলিনা। তিনি সাফ জানান, ফুটবলাররা ফিটনেসের চুড়ান্ত জায়গায় ছিলেন না ডুরান্ড কাপ খেলার সময়। তাছাড়া ভাল খেলা তুলে ধরার ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব তাঁর নজর কেড়েছে। এই দুটো বিষয় ঠিক করতে তিনি প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন। আল আহাল ম্যাচের গুরুত্ব বুঝে কাফা নেশনস কাপে খেলার জন্য ভারতীয় দলে ফুটবলারদের ছাড়েনি মোহনবাগান। শুধু তাই নয়, ইতিমধ্যে দলের শক্তি বাড়াতে ব্রাজিলিয় রবসন রবিনহোর সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। তিনি কলকাতায় পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন দলের সঙ্গে।
অন্যদিকে, এফসি গোয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র প্লেঅফ ম্যাচে ওমানের আল সিবকে হারিয়ে মূল পর্বে ওঠার পর আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। স্বাভাবিকভাবেই ম্যাচ প্র্যাকটিস পেতে গোয়া কোচ মানোলো মারকোয়েজ মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই ম্যাচে চোয়ালে চোট পাওয়া সন্দেশ ঝিঙ্গানের খেলার সম্ভাবনা নেই। আল জাওরার বিরুদ্ধে প্রথম ম্যাচেও সন্দেশের খেলা কঠিন। চোয়ালের চিড় সারিয়ে কবে সন্দেশ মাঠে ফিরবেন, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
