মুনাল চট্টোপাধ্যায়: আইএসএল কবে শুরু হবে, সেই অনিশ্চতায় উদ্বেগ প্রকাশ পেয়েছে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ফুটবলার সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানদের কথায়। তাঁরা চান দ্রুত এই অনিশ্চয়তা কাটুক, আইএসএল চালু হোক। আইএলএলের অংশগ্রহনকারী দলগুলোও এই সমস্যার দ্রুত সমাধান চায়। এনিয়ে আইএসএলের ৮ ক্লাব দল ২৮ জুলাই ফেডারেশনের কাছে চিঠি দিয়েছিল। ফেডারেশন সভাপতি কল্যান চৌবে জানিয়েছিলেন, সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করছেন। যদিও এই ৮ দলের মধ্যে মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল, মুম্বই সিটি, চেন্নাই এফসি ও ধুঁকতে থাকা মহমেডান শামিল হয়নি। তবে বাকিদের কথা মাথায় রেখে, আইএসএল ক্লাব প্রতিনিধিদের ৭ আগস্ট দিল্লিতে আলোচনার জন্য ডাকল ফেডারেশন। জট খোলার আশায়।
ইতিমধ্যেই ওড়িশা এফসি কোচ, ফুটবলার, পরিচালনসমিতির প্রতিনিধি ও কর্মীদের সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবের কাজকর্ম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বেঙ্গালুরু এফসিও আপাতত ফুটবলার ও ক্লাব কর্মীদের বেতন স্থগিত রাখার কথা জানিয়েছে ক্লাবের পেজে। এফএসডিএল ও এআইএফএফের কাছে আবেদন রেখেছে দ্রুত জট ছাড়িয়ে মাঠে বল গড়ানোর ব্যবস্থা করতে। নইলে ক্লাবের সঙ্গে জড়িত অনেক পরিবার ভুগবে।
এতে পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের সামনে না হয় ডুরান্ড কাপের পর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র খেলা আছে। এফসি গোয়া ডুরান্ডে না খেললেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-র প্লেঅফ খেলবে। কিন্তু বাকি ক্লাব দলগুলোর কোনও খেলা না থাকায়, তাদের পক্ষে নতুন ফুটবল মরশুম নিয়ে কোনও প্ল্যানিং করা সম্ভব হচ্ছে না। কবে আইএসএল শুরু হবে, সেটাই যখন অজানা, তখন প্রিসিজন শুরু নিয়ে তারা সকলেই ধাঁধায়। এই অচলাবস্থা চলতে থাকলে, আরও ক্লাব তাদের ফুটবলার, কর্মীদের সঙ্গে চুক্তি বাতিল থেকে বেতন দেওয়া স্থগিত করার পথে হাঁটবে। সেক্ষেত্রে ভারতীয় ক্লাব ফুটবল শুধু ধাক্কা খাবে তাই নয়, ভারতীয় ফুটবলের অগ্রগতি থেমে যাবে। আন্তর্জাতিক বাজারেও ভারত তার সুনাম খোয়াবে। একইসঙ্গে এই অনিশ্চয়তার মাঝে জাতীয় দলের খেলাতেও নিজেদের ফোকাস ধরে রাখতে পারবেন না বিভিন্ন ক্লাব দলের সঙ্গে যুক্ত ফুটবলাররা।
সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে গোটা ভারতীয় ফুটবল পরিবার। সকলেই চান, আদালতের বজ্র আঁটুনিতে ভারতের ফুটবলের স্রোতটাই না স্তব্ধ হয়ে যায়। ৭ আগস্ট ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ফেডারেশনের বৈঠকে সন্তোষজনক সমাধান সূত্র আপাতত বেরোক,এটাই সকলের আকাঙ্খা। পরে না হয় সুদূরপ্রসারী সমাধান ভাবা যাবে। এখন মাঠে বল গড়াক, পরে না হয় ফেডারেশনের নব নির্বাচিত কমিটি সেই বল গড়ানোয় গতি আনবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
