অলস্পোর্ট ডেস্ক:সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, ফিফা ও এএফসির মান্যতা পেয়ে কল্যান চৌবে ও তার কমিটির সদস্যরা কি ২০২৬ পর্যন্ত ক্ষমতায় বহাল তবিয়তে থেকে যাবেন? অন্তত এমনটাই তো মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটি ক্ষমতাহীন। তাদের আর কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আদালতের দেওয়া সংশোধিত নয়া সংবিধানের ভিত্তিতে দ্রুত নির্বাচন সারতে হবে। সেই নতুন কার্যকরী কমিটি যাবতীয় সিদ্ধান্ত নেবে তারপর থেকে। এর অর্থ দাঁড়িয়েছিল, ফেডারেশন সভাপতি কল্যান চৌবে ও বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ শেষ। তাদের নতুন করে নির্বাচনে লড়তে হবে ক্ষমতায় থাকতে।
কিন্তু ফিফা ও এএফসি চিঠি অন্য কথা বলছে। তারা বলেছে, ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ ২০২২ থেকে ২০২৬। তাদের সেই মেয়াদ পর্যন্ত থাকার অধিকার আছে। আর সেটা ঢাল করেই ২০২৬ পর্যন্ত কল্যান ও বর্তমান কমিটির ক্ষমতায় থেকে গেলে অবাক হওয়ার কিছু নেই। বিশেষ করে ফিফা ইতিমধ্যেই নির্বাসনের হুমকির চিঠিতে স্পষ্ট করে বলে দিয়েছে, তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ তারা বরদাস্ত করবে না ভারতীয় ফুটবল ফেডারেশনে।
ফিফার চিফ মেম্বার অ্যাসোসিয়েশনের অফিসার এলখান মামাদভ ও এএফসির ডেপুটি সেক্রেটারি জেনারেল ভাহিদ করদানির সই করা চিঠি ২৯ এপ্রিল ইমেলে ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবের হাতে আসে। তাতে কল্যান ও তার কমিটির ২০২৬ পর্যন্ত মেয়াদ পূর্ণ করার কথার উল্লেখ আছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির সময় এআইএফএফের আইনজীবি সুদেশ এ কোটওয়াল ফিফার ২৬ আগস্ট পাঠানো নির্বাসনের হুমকির চিঠির সঙ্গে আগে ২৯ এপ্রিলের চিঠিটিও পেশ করেন।
২৯ এপ্রিল কল্যান চৌবেকে পাঠানো চিঠিতে সুপ্রিম কোর্টের নিয়োগ করা মাননীয় বিচারপতি নাগেশ্বর রাওয়ের দেওয়া ২০২৩ সালের ২৫ জুলাইয়ের ফেডারেশনের একটি খসড়া সংবিধানের কথার উল্লেখ আছে। তাতে বলাই হয়েছিল, ২০২২ সালে এর ভিত্তিতে যে নতুন কার্যকরী কমিটি তৈরি হবে, তাদের মেয়াদ চলবে ২০২৬ পর্যন্ত। ফিফা এও লিখেছে, এই খসড়া সংবিধানটি নাগেশ্বর রাওয়ের অফিস থেকে র্যাটিফাই করার পর ২০২৩ সালে ৩১ জুলাই সুপ্রিম কোর্টে জমাও করা হয়। সেইমত ২০২২য়ে নির্বাচনের মাধ্যমে আসা কমিটির ২০২৬ পর্যন্ত কাজ চালিয়ে যেতে কোনও বাধা নেই। ওই মেয়াদ উত্তীর্ণ করার পর আবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসাটা বাধ্যতামূলক। তাই আবার নতুন করে সংশোধিত সংবিধান না আসা পর্যন্ত বর্তমান কমিটির কার্যকাল এখনই শেষ হওয়ার প্রশ্নই উঠছে না।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা সব শুনেছেন। বলেওছেন, সোমবার তাঁরা এব্যাপারে রায় দেবেন। তার ওপরই ভারতীয় ফুটবলের ভবিষ্যত নির্ভর করে আছে। ফিফা তো সাফ বলেই দিয়েছে, ৩০ অক্টোবরের মধ্যে যাবতীয় জট না ছাড়ালে, তারা ভারতকে নির্বাসন দেবে। সায় রয়েছে এএফসিরও তাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
