Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কিছুদিন আগে ভারতীয় ফুটবল ফেডারেশনের সংশোধিত সংবিধান প্রয়োগে কেন্দ্র করে চাপান উতোর চলেছিল অনেকটা সময় ধরে। তখনই ভারতীয় ফুটবল মহলে একটা আওয়াজ উঠেছিল, ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গড়ার। আর সেটা হলে ফেডারেশনের সভাপতি পদ থেকে কল্যান চৌবের আর থাকা সম্ভব হত না। কারণ ঘরে বাইরে কল্যানের বিরুদ্ধে কার্যকরী কমিটির একদল সদস্য একজোট হয়েছিলেন কল্যানকে সরাতে। কিন্তু তাঁদের সে উদ্দেশ্য সফল হয়নি ফিফা ও এএফসির নির্দেশে।

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণকে লিখিতভাবেই এএফসি ও ফিফা চিঠি দিয়ে জানায়, ফেডারেশন সভাপতি কল্যান চৌবে সহ বর্তমান কমিটির সদস্যরা যেহেতু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিল ২০২২ সালের ২ সেপ্টেম্বরে চারবছরের জন্য, তাই সেই মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত সেই কমিটিই কাজ চালিয়ে যাবে। মহমান্য আদালতের পর্যবেক্ষণে যেহেতু এই নির্বাচন হয়েছিল, তাই মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আগে নির্বাচনের কোনও প্রয়োজন নেই, আর সেটা করাও যায় না নিয়মবিরুদ্ধ বলে। এএফসি ও ফিফার এই নির্দেশ পেয়ে কল্যান চৌবের হাত অনেকটাই শক্ত হয়, এবং তাঁর সভাপতি পদে থাকা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটকানোর জায়গা ছিল না।

ভাবা গিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরে বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হলে নির্বাচন হবে। তাতে সভাপতি পদে কল্যান চৌবে পুনর্নিবাচিত হবেন কিনা, সেটা সময়ই বলত। কিন্তু এখন ফিফার সৌজন্যে ভারতীয় ফুটবল ফেডারেশনের নতুন কার্যকরী কমিটি গড়ার নির্বাচন সেপ্টেম্বরের পরিবর্তে আরও ৩ মাস পিছিয়ে ২০২৬ সালের ডিসেম্বরে হতে চলেছে। অন্তত ফিফা জানিয়েছে, এতে তাদের কোনও আপত্তি নেই, যাতে ভারতীয় ফুটবল ফেডারেশন নির্বাচন করে পদাধিকারী নির্বাচিত করতে পারে, ভারতের জাতীয় ক্রীড়া প্রশাসনিক নীতির সব নিয়ম মেনে।

ফেডারেশনের তরফে কার্যকরী কমিটির সদস্যদের ইতিমধ্যেই জানানো হয়েছে, জাতীয় ক্রীড়াপ্রশাসনিক নীতি মেনে নতুন কমিটি গড়তে চলতি বছরের শেষপর্যন্ত ক্ষমতায় থাকা জরুরি। সেটা মাথায় রেখে ফিফা ও এএফসির কাছে চিঠি পাঠিয়েছিলেন ফেডারশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ। তাতে তিনি লেখেন, ২০২৫ সালের ২২ ডিসেম্বর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক একটি নির্দেশ জারি করে। তাতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া প্রশাসনিক নীতি মেনে জাতীয় ও রাজ্য স্তরের ক্রীড়াসংস্থাগুলিকে নতুন কমিটি গড়তে নির্বাচন করার জন্য বাড়তি সময় দেওয়া হবে। তবে যাদের চলতি বছরেই নতুন কমিটি গড়ার কাজ বাকি, তাদের সেটা সেরে ফেলতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের মাধ্যমে।

সত্যনারাণের চিঠির উত্তরে ফিফা প্রতিনিধি এমিলে ডমস জানিয়ছেন, তাদের এই বাড়তি সময় ভারতীয় ফুটবল ফেডারেশনকে দিতে কোনও আপত্তি নেই। বরং তারা ফেডারেশনকে সবরকম সহযোগিতা করতে তৈরি। তবে ভারতীয় ফুটবল ফেডারেশন যেন এএফসি ও ফিফাকে তাদের সমস্ত কার্যকলাপ জানায়। একইসঙ্গে সংবিধানে কোনও সংশোধন হলে তা যেন অবগত করে। আর জাতীয় ক্রীড়ানীতি মেনে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন করতে ঠিক কতদিন লাগতে পারে, সেটাও।

ইতিমধ্যে এআইএফএফ তাদের কাজ শুরু করে দিয়েছে। শেষ কার্যকরী কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত নেয়, সব রাজ্য, জেলা ক্রীড়াসংস্থাকে জাতীয় ক্রীড়া প্রশাসনিক নীতি মেনে যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ কমিটি গড়ে ফেলতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *